১.৫ টন এসি চালালে প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? জেনে নিন হিসাব

Published:

Air Conditioner

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে তীব্র গরমের (Summer) দাপট শুরু হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির ঘরে। আর এই কাটাফাটা রোদে ঘর ঠান্ডা রাখতে এসির (Air Conditioner) বিকল্প যেন কিছুই নেই। তবে এসি চালানোর আগে অনেকেই আবার বিদ্যুতের বিলের ভয়ে পিছিয়ে আসে। কিন্তু আপনি যদি ১.৫ টনের কোনও এসি ব্যবহার করেন, তাহলে প্রতিদিনের ব্যবহারে মাসে কত খরচ পড়বে তার সহজ অংক বুঝে নিন এই প্রতিবেদনে।

বিদ্যুতের খরচ ঠিক কীসের উপর নির্ভর করে?

আসলে এসির বিদ্যুতের খরচ কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত স্টার বা রেটিং। ৩-স্টার এসির থেকে ৫-স্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে। পাশাপাশি দিনে কত ঘণ্টা আপনি এসি চালাচ্ছেন তার উপরে তো অবশ্যই নির্ভর করবে আপনার বিদ্যুতের বিল। আর আপনি এসি কত ডিগ্রি তাপমাত্রায় চালাচ্ছেন তার উপরেও বিদ্যুতের বিল নির্ভর করবে।

এবার গড়ে একটি ১.৫ টন ৩-স্টার এসি প্রতি ঘণ্টায় আনুমানিক ১.১৫ থেকে ১.৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকে। তবে ব্যবহারের ধরন এবং ঘরের অবস্থার উপর ভিত্তি করে এই পরিমাণ আবার কিছুটা কমবেশি হতে পারে। তাই ধরুন, আপনি প্রতিদিন গড়ে আট ঘণ্টা এসি চালান। সেক্ষেত্রে ১.৫ ইউনিট প্রতি ঘণ্টা হিসেবে দিনে খরচ হবে আনুমানিক ১২ ইউনিট বিদ্যুৎ। আর খরচ একটু বেশি হলে তা ১৪ ইউনিট পর্যন্ত পৌঁছতে পারে। সেক্ষেত্রে ৩০ দিন এসি চললে মাসে মোট বিদ্যুৎ খরচ হবে ৩৬০ থেকে ৪০৮ ইউনিট। মাত্র একটি এসির জন্যই এটা বাড়তি খরচ।

এবার বিল নিয়ে যদি কথা বলি, তাহলে বিদ্যুতের দাম এলাকাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। গড়ে যদি প্রতি ইউনিট ৭ টাকা করেও ধরা হয়, তাহলে মাসে ২৫২০ টাকা থেকে ২৫৫৬ টাকা পর্যন্ত আপনার বিদ্যুতের বিল বাড়তে পারে। আর যদি ইউনিটের দাম ৮ টাকা করে ধরি, তাহলে এই খরচ ২৮৮০ টাকা থেকে ৩২৬৪ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

আরও পড়ুন: ভারতের দীর্ঘতম ৭ ট্রেন যাত্রা, একটি চলে বাংলা হয়ে, দেখুন তালিকা

কীভাবে কমাবেন খরচ?

এবার এসি চালিয়েও আপনি বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় করতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন—

  • প্রথমত আপনাকে এসি ১৮ ডিগ্রিতে না চালিয়ে ২৪ ডিগ্রি তাপমাত্রায় চালাতে হবে। এতে এসির কম্প্রেসারের উপর চাপ কম পড়ে এবং বিদ্যুতের খরচ কমে।
  • আপনার এসি যদি ইনভার্টার টেকনোলজির হয়ে থাকে, তাহলে সাধারণ এসির তুলনায় আনুমানিক ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কম আসবে।
  • এসি চালানোর সময় অবশ্যই ঘরের দরজা জানলা ভালোভাবে বন্ধ করে রাখুন এবং ভারী পর্দা ব্যবহার করুন, যাতে বাইরের গরম হাওয়া ভেতরে না ঢোকে এবং এসিকে বেশি পরিমাণ শক্তি খরচ না করতে হয়।