প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর দোলের দিন শহর জুড়ে একের পর এক নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এবারে যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় তাই আগেভাগেই সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্ব অনুযায়ী বিভিন্ন এলাকায় ৩৯৮টি পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল রাজ্য পুলিশ। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট ছিল মঙ্গলবার। এছাড়াও নজরদারির জন্য মোটর বাইক এবং পিসিআর ভ্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা। আর রাত পোহাতেই এবার গতকালের রিপোর্ট প্রকাশ্যে আসল। কলকাতায় (Kolkata) গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৩৩০।
৩৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
লালবাজারের তরফে জানানো হয়েছে, দোলের দিন মেয়েদের সঙ্গে অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরা করায় এলাকায় ঝামেলার অভিযোগে সব মিলিয়ে ৩৩০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং থেকে শুরু করে টহলদারির জেরে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। গ্রেফতারির পাশাপাশি প্রায় ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ, শহরের ১০টি ডিভিশন জুড়েই এই অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে আজ হোলিতেও সকাল থেকে কলকাতা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ
গত কয়েক বছরে দোলের দিনে বেপরোয়া ও মদ্যপ চালকদের কারণে একাধিক বড় দুর্ঘটনার নজির রয়েছে শহরে। তাই জারি করা হচ্ছে একগুচ্ছ নির্দেশিকা। মদ্যপ চালকদের কারণে একাধিক বড় দুর্ঘটনার নজির রয়েছে শহরে। আর তাতেই শহরের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, তাই বিতর্ক ওঠার আগে ভাগেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র রাখতে বড়সড় পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। স্থানীয়দের দাবি কঠোর নজরদারি ও তৎপরতার জেরে এ বার দোলের দিন শহরে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি।
আরও পড়ুন: দুবাইয়ে আটকে অভিনেত্রী শুভশ্রী! ইউভানকে নিয়ে কবে ফিরবেন কলকাতায়?
প্রসঙ্গত, দোলের দিন, গঙ্গার ঘাটগুলিতেও সমান সতর্কতা বজায় রেখেছে কলকাতা পুলিশ। বিচলিঘাট, দাইঘাট ও আউটরাম ঘাট এলাকায় জোয়ার-ভাঁটার সময় মাইকিং করে সতর্ক করা হয় সাধারণ মানুষকে। শহরের আটটি ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণে পশ্চিম বন্দর থানা এলাকা থেকে হুগলির কোন্নগর পর্যন্ত চারটি স্পিডবোট নিয়ে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ। ঘাট সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে এসবের মাঝেও বেশ কয়েকটি জেলায় দুর্ঘটনার খবর উঠে এসেছে।












