বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই সরকারি দপ্তরগুলিতে অনিয়মের ক্ষেত্রে যথেষ্ট কড়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার (Government Of West Bengal)। নিজের জেলায় পোস্টিং থেকে শুরু করে একই পদে দীর্ঘদিন কর্মরত অফিসারদের বদলি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে কড়া বদলি নীতি কার্যকর করেছে নবান্ন। সেই মর্মে, জারি করা হয়েছে নতুন সার্কুলার। তাতে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দপ্তর, তার অধীনস্থ শাখা ও কর্তাদের সরকারি নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে কী জানানো হল?
স্বাস্থ্য দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনও সরকারি কর্মী, আধিকারিক বা কর্মকর্তা সাধারণ নিয়মে নিজের জেলায় কিংবা বাড়ির কাছে পোস্টিং পাবেন না। একই সাথে দীর্ঘদিন ধরে একই পদে কাজ করার বিষয়টিতেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, একজন সরকারি অফিসার নির্দিষ্ট পদে একটানা তিন বছর নিজের কর্মজীবন সম্পূর্ণ করলেই তাঁকে বদলি করা হবে।
সরকারের তরফে এও জানানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তা বা আধিকারিক তাঁর অবসরের দু’বছর আগে নিজের জেলায় পোস্টিংয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় পেতে পারেন। তবে এর আগে কোনও ভাবেই নিজের পছন্দ মতো জায়গা বা হোম ডিস্ট্রিক্ট এ তিনি চাকরি করতে পারবেন না। 13 জুলাই রাজ্য সরকারের কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা নির্দেশিকা মেনেই এই সমস্ত পদক্ষেপ করা হয়েছে।
অবশ্যই পড়ুন: মেলেনি হাইকোর্টের অনুমতি, এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’
কয়েকজন সরকারি আধিকারিক বলছেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এবং বছরের পর বছর ধরে কোনও পদে থেকে যাতে কেউ দুর্নীতি করতে না পারেন সে ক্ষেত্রে রাজ্য সরকারের নতুন বদলি সংক্রান্ত নীতি অত্যন্ত কার্যকর হতে চলেছে। শোনা যাচ্ছে, সরকারি রাজস্ব আদায় থেকে শুরু করে কর সংগ্রহ এবং ফিল্ড পোস্টিং এর ক্ষেত্রে দায়িত্বে থাকা কর্মীরা দু’বছর পূর্ণ করলেই বদলির প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হয়েছে।
সরকারি সূত্র মারফত খবর, এই ধরনের কর্মকর্তা আধিকারিক যাতে কোনও ভাবেই একই পদে তিন বছরের বেশি সময় ধরে থাকতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার। সব মিলিয়ে বলাই যায়, সাধারণ মানুষের স্বার্থে এবং সরকারি কাজে স্বচ্ছতা আনতেই এমন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের।










