বিক্রম ব্যানার্জী, কলকাতা: বায়ু দূষণের নিরিখে এবার রাজধানী দিল্লিকেও ছাপিয়ে গেল ভারতের গাজিয়াবাদ এর নিকটবর্তী শহরাঞ্চল লোনি (Air Pollution)। IQAir এর অন্তিম রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলটিতে বায়ু দূষণ একেবারে ভয়ংকর আকার ধারণ করেছে। রিপোর্ট বলছে, গাজিয়াবাদের এই শহরাঞ্চলের গড় পিএম 2.5 এর ঘনত্ব 112.5 ug/m³। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা Who এর রিপোর্টে নির্ধারিত সুরক্ষা সীমার চেয়েও এর ঘনত্ব 22 গুণের বেশি। যার ফলে এই মুহূর্তে লোনি বিশ্বের সবচেয়ে দূষিত শহর।
এত বায়ু দূষণের কারণ?
গাজিয়াবাদের নিকটবর্তী শহরাঞ্চল লোনির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কারখানা থেকে অনিয়ন্ত্রিত শিল্প নির্গমন, কারখানার ব্যাপক ধোয়া, যানবাহনের ধোঁয়া, জ্বালানির মান, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ওই অঞ্চলের নির্মাণ কাজের ধুলোবালি, খোলা বর্জ্য এমনকি জৈববস্তু পোড়ানোর ফলে নির্গত ধোঁয়া থেকে বায়ু দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে ভারতের এই শহরে।
বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বায়ু গোটা বাতাসে ছড়িয়ে যাওয়ার ফলে সেটি সাধারণ মানুষের সংস্পর্শে আসা মাত্রই হাঁপানি থেকে শুরু করে ব্রংকাইটিস অর্থাৎ শ্বাসকষ্টের মতো ভয়াবহ রোগ বাসা বাঁধে শরীরে। এছাড়াও বায়ু দূষণের কারণে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, প্রবল বায়ু দূষণের ফলে শিশুদের বিকাশগত সমস্যা দেখা দেয়। এছাড়াও ফুসফুসে ক্যান্সারের মতো মারনরোগের সম্ভাবনা বেড়ে যায়।
অবশ্যই পড়ুন: IPL 2026-র উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল BCCI, কারণ জানলে গর্ব হবে!
বলাই বাহুল্য, রাজধানী দিল্লি সহ দেশের অন্যান্য প্রান্তে যাতে বায়ু দূষণ না বাড়ে সে জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। কেন্দ্রের তরফে প্রতিমুহূর্তে সাবধান করা হচ্ছে দেশবাসীকে। কিন্তু তা সত্ত্বেও কমছে না বায়ু দূষণ। অনেক ক্ষেত্রে বিভিন্ন বর্জ্য থেকে শুরু করে জৈববস্তু পোড়ানো থেকে হওয়া বায়ু দূষণ রোধ করা গেলেও বিভিন্ন কলকারখানার ধোঁয়া আটকাতে ব্যর্থ প্রশাসন। যার কারণে দিন দিন বাড়ছে বায়ু দূষণের মাত্রা। বলে রাখা প্রয়োজন, বিশ্বের সবচেয়ে দূষিত শহর গুলির তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে পাকিস্তানের লাহোর, দিল্লি, বার্নিহাট এমনকি কলকাতাও। বায়ু দূষণের নিরিখে গোটা বিশ্বে 47 নম্বরে রয়েছে তিলোত্তমা।












