উত্তেজনা সত্ত্বেও কীভাবে অবাধে হরমুজ পার করছে ভারতের জাহাজ? ফাঁস সব

Published:

Strait of Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি। যার ফলে আগের মতোই অবরুদ্ধ হয়ে পড়ে আছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তাতে ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব জ্বালানি বাণিজ্য। পাল্লা দিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যার প্রভাব পড়েছে ভারতেও। তবে মজার বিষয়, হরমুজ প্রণালী বন্ধ থাকা সত্ত্বেও অবাধে যাতায়াত করছে ভারতের পতাকা লাগানো জাহাজ। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, কীভাবে আন্তর্জাতিক জলপথ দিয়ে নির্দ্বিধায় যাতায়াত করতে পারছে ভারতীয় জাহাজগুলি?

প্রকাশ্যে ভারতের কূটনৈতিক চাল!

ইরানের অনুমতি ছাড়া যেখানে হরমুজ প্রণালী দিয়ে মাছিও গলতে পারছে না সেই পর্বে দাঁড়িয়ে ভারতীয় জাহাজ অবাধে যাতায়াত করছে আন্তর্জাতিক জলপথ হয়ে। কিন্তু কীভাবে? শুক্রবার এ নিয়ে জাহাজ ও বন্দর মন্ত্রকের অন্তর্গত নৌপরিবহন বিষয়ক পরিচালক ওপেশকুমার শর্মা একটি বৈঠকে অংশ নেওয়ার পর জানান, হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করছে ভারতের জাহাজ। আর এই গোটা বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত।

তাঁর কথায়, “ইরানের সাথে সমন্বয়ে করে চলেছে ভারত। কিন্তু কীভাবে অবাধে জাহাজ পরিচালনা করা হচ্ছে, কীভাবে অগ্রাধিকার নির্ধারণ হচ্ছে এসব নিয়ে কিছুই বলতে চাই না। তবে এটুকু বলবো, আমাদের কাজ শুধু বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ রেখে চলা, সমন্বয় সাধন করা। আমরা এর বাইরে যেতে পারি না।” এদিন ওপেশকুমার এও বললেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে অন্তত 13টি ভারতের পতাকা লাগানো জাহাজ আটকে রয়েছে। সেই সব জাহাজের পেটে আছে অপরিশোধিত তেল, এলপিজি সহ একাধিক পণ্য।

অবশ্যই পড়ুন: জুন থেকেই রাজ্যে ১০% বাড়ছে বিদ্যুতের বিল, জারি বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি দুই দেশ। এর মাঝেই সম্প্রতি ইরানে জোরালো হামলা চালিয়েছিল আমেরিকা! তাতে ক্ষিপ্ত তেহরান। এরপরে আগামী কয়েক সপ্তাহে যে পারমাণবিক চুক্তি হচ্ছে না সেটা বলাই যায়। এমতাবস্থায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে হরমুজ প্রণালীতে। কিন্তু তা সত্ত্বেও সেই পথ দিয়ে অবাধে যাতায়াত করছে ভারতের জাহাজ। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের একটি সূত্র বলছে, যুদ্ধের অভিমুখ যেদিকেই হোক না কেন হরমুজে ভারতের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আগামী দিনে একে একে তেল এবং গ্যাস ভর্তি জাহাজগুলি ভারতে আসবে বলেও জানানো হয়েছে।