বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতার জন্য সত্যিই অশুভ! একটা দল যারা তিন তিনবার ট্রফি জিতেছে, সেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নাকি এবারের IPL এ এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততেই পারেনি। পাঞ্জাবের ম্যাচে বৃষ্টি হওয়ায় এক পয়েন্ট নিয়ে খাতা খুলেছে ঠিকই, তবে শাহরুখের দলের অবস্থা এখন শোচনীয়। প্রথম জয় খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন অজিঙ্কা রাহানেরা। ঠিক সেই আবহে এলো খুশির খবর। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে অনাপত্তি পত্র বা NOC পেলেন 18 কোটির নাইট তারকা মাথিশা পাথিরানা।
KKR এ যোগ দিচ্ছেন 18 কোটির পেসার
এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বোলিং একবারে জঘন্য, বলছেন নাইট ভক্তরাই। ক্রিকেট মহলের অধিকাংশেরই দাবি, KKR এর দুর্বল বোলিংই তাদের ডোবাচ্ছে। ব্লেসিং মুজারাবানি আর বৈভব আরোরা ছাড়া এ দলে এমন কেউ নেই যাঁর কাঁধে চোখ বন্ধ করে ভরসার হাত রাখা যায়। এমতাবস্থায়, KKR বারবার 18 কোটির মাথিশা পাথিরানার অভাব ভোগ করছে।
মাঝে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় অংশ নেননি তিনি। যার কারণে NOC পেতে খানিকটা সময় লাগছে। তবে এবার জানা গেল, সমস্ত বাধা কাটিয়ে অবশেষে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে অনাপত্তি পত্র বা NOC পেয়ে গিয়েছেন লঙ্কান ক্রিকেটার। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, কবে কলকাতায় যোগ দেবেন তিনি? জানা গিয়েছে, আগামী 14 এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে KKR এর হয়ে মাঠে নামতে পারেন পাথিরানা। তার আগে কলকাতায় এসে নেটে নিজেকে ঝালিয়ে নেবেন এই নাইট তারকা। অনেকেই মনে করছেন, পাথিরানা দলে এলে ভাগ্য ফিরবে KKR-র!
অবশ্যই পড়ুন: ISL-এ এবার মোহনবাগানকে পেছনে ফেলল ইস্টবেঙ্গল
উল্লেখ্য, এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আচমকা চোট পেয়েছিলেন লঙ্কান পেসার পাথিরানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পাওয়ায় মাত্র চার বল করেই গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর অবশ্য দীর্ঘদিন রিহ্যাব করার পর বল হাতে অনুশীলনে ফিরেছিলেন লঙ্কান পেসার। অপেক্ষা ছিল IPL এ খেলার জন্য নিজের দেশের ক্রিকেট বোর্ডের NOC-র। অবশেষে সেটা মিলল।












