প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন পরেই গরমের ছুটি পড়তে চলেছে স্কুল কলেজে। আর গরমের ছুটি পড়া মানেই ভ্রমণের পরিকল্পনা। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড়ের চাপ বেশি থাকবেই, তাই সেই সমস্যা দূর করার জন্য পূর্ব রেল (Eastern Railway zone) একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীদের সুবিধার্থে সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) ভুবনেশ্বর কলকাতা ভুবনেশ্বর পরিষেবা (Kolkata Bhubaneswar Special Train) চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয় কিউল-মালদা টাউন, উধনা- মালদা, পাটনা আসানসোল রুটেও সামার স্পেশাল ট্রেন আনা হয়েছে।
ভুবনেশ্বর কলকাতা ভুবনেশ্বর স্পেশাল ট্রেন
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪, ২১ এবং ২৮ এপ্রিল ০৮৪০১/০৮৪০২ ভুবনেশ্বর কলকাতা ভুবনেশ্বর স্পেশাল ট্রেন চলাচল করবে। ০৮৪০১ ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার জন্য রাত ১২:৫০ এ ছাড়বে, ভদ্রকে পৌঁছবে রাত ৩:০৩ এ, এরপর সেখানে ২ মিনিট দাঁড়িয়ে ৩:০৫ এ ছাড়বে। এরপর খড়গপুর জংশনে পৌঁছবে ভোর ৫:৫৯ -এ এবং ছাড়বে ৬:০৪ এ। মেচেদা পৌঁছবে সকাল ৬:৪৪-এ সেখানে ২ মিনিট দাঁড়িয়ে ৪৬ এ ছাড়বে। সবশেষে সকাল ৯:১৫ তে কলকাতায় পৌঁছবে। অন্যদিকে ০৮৪০২, কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য বিকেল ৫:১০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। মেচেদা পৌঁছবে সন্ধ্যে ৬:৪৮ এ, ছাড়বে ৬:৫০ এ।
থাকবে মোট ১৮টি কোচ
০৮৪০২, কলকাতা থেকে ভুবনেশ্বর স্পেশাল ট্রেনটি খড়গপুর জংশনে পৌঁছবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে সেখানে ৫ মিনিট দাঁড়িয়ে ৩৫ এ ছাড়বে। এরপর ভদ্রক পৌঁছবে রাত ১০:১২ তে, ২ মিনিট দাঁড়িয়ে ১০:১৪ তে ছাড়বে। শেষে রাত ১২:৪৫ এ ভুবনেশ্বর পৌঁছবে। এই ট্রেনে মোট ১৮ টি কোচ থাকবে, এসি-২টিয়ার থাকবে ১ টি, এসি-৩টিয়ার থাকবে ৪ টি, স্লিপার শ্রেণি ৭, সাধারণ দ্বিতীয় শ্রেণি ৪ এবং এসএলআরডি থাকবে ২ টি। এছাড়াও কিউল ও মালদা টাউনের মধ্যে একটি আনরিজার্ভড একটি স্পেশাল ট্রেন ছাড়া হচ্ছে। আজ অর্থাৎ ১৩ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ০৩২০৪/০৩২০৩ কিউল- মালদা টাউন – কিউল স্পেশাল ট্রেনটি যাবে। যাতায়াতের পথে অভয়পুর, জামালপুর জংশন, সুলতানগঞ্জ, কহলগাঁও, বারহারওয়া এবং নিউ ফরাক্কা জংশনে থামবে।
আরও পড়ুন: আরও সুগম হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ, শুরু বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ
পূর্ব রেলের সূত্রে ০৯০৬৩/০৯০৬৪ উধনা-মালদা টাউন-উধনা স্পেশাল ট্রেন চালানো হবে এবং সাবরমতী আসানসোল সাবরমতী স্পেশাল ট্রেনও চালানো হবে যাত্রীদের সুবিধার খাতিরে। এছাড়াও পাটনা ও আসানসোলের মধ্যে ০৩২০২/০৩২০১ আনরিজার্ভড পাটনা আসানসোল পাটনা স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি নেতাজী সুভাষ চন্দ্র বোস ইতওয়ারি-মালদা টাউন-নেতাজী সুভাষ চন্দ্র বোস ইতওয়ারি স্পেশাল ট্রেনও চালু করা হচ্ছে। আগামী ১৯,২০ এবং ২৬ তারিখে এই ট্রেন চলবে। তাই কোথাও বেড়ানোর আগে অবশ্যই ট্রেনের সময়সূচি দেখে বেরোবেন।












