কর্মীদের মতোই পেনশনভোগীরা DA-র সমান অধিকারী! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারী কর্মী (Employees) এবং পেনশনভোগীদের (Pensioners) কাছে DA বা মহার্ঘ ভাতা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটি হল মূল্যস্ফীতি মোকাবিলা করার জন্য বেতনের অতিরিক্ত অর্থ, যা কর্মীদের দেওয়া হয়। এক্ষেত্রে সরকার কোনও ভেদাভেদ, বৈষম্য করতে পারে না। অর্থাৎ সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই পেনশনভোগীদের কাছে গুরুত্বপূর্ণ। আর এই নিয়ে এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) এক গুরুত্বপূর্ণ রায় দিল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল কর্মরত ও পেনশনভোগী উভয়েই সমান হারে ডিএ-র অধিকারী!

মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে

রিপোর্ট মোতাবেক, ২০২১ সালে মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেরল সরকার রাজ্য সড়ক পরিবহন নিগমের কর্মীদের ১৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে সড়ক পরিবহন নিগমের অবসারপ্রাপ্ত কর্মীদের জন্য মাত্র ১১ শতাংশ হারে DA ঘোষণা করা হয়েছিল। যার প্রতিবাদে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেরল হাইকোর্টে মামলা করেন। এক বিচারপতির বেঞ্চ সেই আবেদন বাতিল করে দিলেও ডিভিশন বেঞ্চে জয়ী হন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেরল সরকার ও রাজ্য সড়ক পরিবহণ নিগম। আর তাতেই এবার বড় রায় দিল শীর্ষ আদালত।

কর্মরতদের মতোই অবসরপ্রাপ্ত কর্মীদের সমান DA

সম্প্রতি, মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সর্বোচ্চ আদালতের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি প্রসন্ন বি ভারালেকের বেঞ্চে ওঠে। আর সেই মামলার রায়ে অবসর নেওয়া কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়ে ছেন বিচারপতিরা এবং কেরল সরকার ও রাজ্য সড়ক পরিবহন নিগমের আবেদন খারিজ করে দিয়েছে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মুদ্রাস্ফীতি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানভাবে আঘাত করে। সমানাধিকার একটি গতিশীল ধারণা। এর নানা দিক ও মাত্রা আছে। একে প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখা যায় না। তাই কর্মরতদের মতোই অবসরপ্রাপ্ত কর্মীরা একই হারে ডিএ পাওয়ার অধিকারী।

আরও পড়ুন: কলকাতা-ভুবনেশ্বর সহ মালদা, আসানসোল থেকেও স্পেশাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল

কেরলের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রায়দানের সময় সংবিধানের ১৪ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি প্রসন্ন বি ভারালেকের বেঞ্চ। আসলে সমানাধিকার স্বেচ্ছাচারিতার পরিপন্থী। একটি আইনের শাসন মেনে চলে, অপরটি চরম কর্তৃত্ববাদী শাসকের ইচ্ছা, মর্জির জোরে চলে। সুপ্রিম কোর্টের এই রায়ের অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আইনজীবী মহলের মতে এই গুরুত্বপূর্ণ মামলার রায়ের নিরিখে সর্বোচ্চ আদালতের এই নির্দেশ অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়েছে।