সহেলি মিত্র, কলকাতাঃ আজ পয়লা বৈশাখ (Poila Boishakh) তথা বাঙালির নববর্ষ। যুদ্ধ, ভ্যাপসা গরম, ভোটের আবহে নতুন বছরের আনন্দে মাতোয়ারা সকলে। কিন্তু নববর্ষে খাওয়ার বিষয়ে খুব একটা মুখে হাঁসি নেই বাঙালির। কারণ বাজারে জিনিসপত্রের দাম আচমকা যেন আকাশছোঁয়া হয়ে গিয়েছে। উচ্চবিত্তদের ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের জন্য এই নববর্ষ অতটাও খুশির নয়। নববর্ষে কোথায় হেঁশেলে ভালো মন্দ রান্না হবে, সেখানে মাছ, মাংসের দাম শুনে আঁতকে উঠেছেন সকলে। বিশেষ করে মুরগী (Chicken), খাসির মাংসের দাম (Mutton Price) বাজেটের বাইরে চলে গিয়েছে।
৩০০ টাকা ছুঁইছুঁই মুরগীর মাংস
আজ নববর্ষের বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগেছে যেন মনে হচ্ছে। সাধারণ মুরগীর মাংসের দাম কিছু জায়গায় ৩০০ টাকা ছুঁইছুঁই তো কিছু জায়গায় ৩০০ টাকা পার হয়ে গিয়েছে। এদিকে খাসির মাংসের দাম নিয়ে তো কোনও কথাই হবে না। তার ওপর সামনেই বিধানসভা ভোট রয়েছে। অতিরিক্ত চাহিদা বাড়ছে সর্বত্র। যে কারণে পোয়া বারো হয়েছে মুরগী ব্যবসায়ীদেরও। দাম বাড়িয়ে দিয়েছেন সকলে। এই বিষয়ে এক মাংস বিক্রেতা জানান, ভোটের সময় পাইকারি বাজারে জোগানের তুলনায় চাহিদা অতিরিক্ত থাকায় দাম বৃদ্ধি ছাড়া উপায় থাকে না। মাস খানেক আগেও যে মাংস ১৭০-১৮০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে, তা এখন ৩০০ ছুঁইছুঁই।
আরও পড়ুনঃ হাওড়া-দিল্লি রুটে ২৪টি স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি
এক রিপোর্ট অনুযায়ী, বেশ কিছুদিন আগে অবধি কিছু বাজারে কাটা মুরগি মাংসের দাম ছিল ১৭০-১৮০ টাকা প্রতি কিলো। বর্তমানে সেই দাম প্রায় ৩০০ টাকা ছুঁয়েছে। একই রকম ভাবে দেশি মুরগি ও খাসির মাংসের দাম বাড়ছে। গত কয়েকদিনে দেশি মুরগির মাংসের দাম কেজি প্রতি ৫০-৭০ টাকা বেড়েছে।
কাঁদাচ্ছে খাসির মাংসের দামও
এদিকে মুরগীর মাংস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সঙ্গে খাসির মাংসেরও দাম বেড়েছে অনেকটাই। বর্তমানে কেজি প্রতি ৭০-৮০ টাকা বেড়েছে দাম বলে খবর। তার ওপর আজ নববর্ষ। সকলেই কমবেশি মাংস রান্না করতে চাইছেন। ফলে ‘সুযোগ বুঝে কোপ’ মারছে সকলে। এহেন পরিস্থিতিতে অনেকের আশঙ্কা, মুরগী থেকে শুরু করে খাসির মাংসের দাম চাহিদার কারণে আরও কয়েক গুণ বাড়তে পারে।










