সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশাখ মাস পড়তেই গরমের (Hot Weather) দাপট মাথাচাড়া দিয়ে বেড়েছে। বাইরে বেরনো তো দায়, ঘরের ভিতরে টেকাও যেন দুষ্কর হয়ে পড়ছে। মনে হচ্ছে যেন আগুনের গোলা ছুটছে চারদিকে! আর এই আবহে অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন স্কুলে গরমের ছুটি (Summer Vacation) কি তাহলে এগিয়ে আসবে? এপ্রিল মাসেই কি দেওয়া হবে গরমের ছুটি? যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু শিক্ষা দফতর সূত্রে মিলেছে ইঙ্গিত।
এগিয়ে আসছে গরমের ছুটি?
শিক্ষা দফতরের সূত্র মারফত জানা যাচ্ছে, এবার গরমের ছুটি এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। তার পিছনে দুটি কারণ কাজ করছে। প্রথমত, যেহেতু বর্তমানে পারদের তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে, এমনকি তা ৪০ এর ঘর ছুঁয়ে গিয়েছে, তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কিত চিন্তাভাবনা মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এমনকি অনেক অভিভাবক ইতিমধ্যে গরমে বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। আর দ্বিতীয়ত, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। এই কারণে বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গিয়েছে এবং নির্বাচন সংক্রান্ত কাজকর্ম হবে। তাই সেখানে পঠন-পাঠন চালানো কঠিন হয়ে দাঁড়াতে পারে।
মধ্যশিক্ষা পর্ষদের ঘোষিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, মে মাসের মাঝামাঝি সময় নাগাদই গরমের ছুটির কথা বলা রয়েছে। তবে বিগত কয়েক বছরের উদাহরণ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাব—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত গরমের কারণে পূর্বঘোষিত ছুটির আগেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছেন। বিশেষজ্ঞদের অনুমান, এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই হয়তো সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে পারে।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
এদিকে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলির পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। অনেক স্কুলে ইতিমধ্যেই মর্নিং স্কুল শুরু হয়েছে। এমনকি কিছু কিছু স্কুলে অনলাইন ক্লাসও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত শিক্ষা দফতর ছুটির বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে রোদের তেজ যে হারে বাড়ছে তাতে অনুমান করা হচ্ছে যে এপ্রিলের শেষেই হয়তো স্কুলগুলিতে তালা পড়তে পারে।










