ট্রেড লাইসেন্স নবীকরণ নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার

Published:

Trade Licence Renewal

প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখে এবার ট্রেড লাইসেন্স (Trade License) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কোনওরকম লেট ফি ছাড়াই এবার লাইসেন্স নবীকরণের (Trade Licence Renewal) নিয়মে আনা হচ্ছে বড় পরিবর্তন। সেক্ষেত্রে তাই পুরসভার এই সিদ্ধান্তের ফলে কলকাতা শহরের ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি পূর্ণ হতে চলেছে বলে মনে করছে কলকাতা পুরসভার প্রশাসনের একাংশ।

লেট ফি ছাড়াই লাইসেন্স নবীকরণ!

রিপোর্ট মোতাবেক, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ট্রেড লাইসেন্স বা ‘সার্টিফিকেট অফ এস্ট্যাবলিশমেন্ট’ নবীকরণের প্রক্রিয়া গত ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। দ্রুত গতিতে চলছে কাজ। আসলে ট্রেড লাইসেন্স হল ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অন্যতম প্রধান অনুমোদন। আর তাই সেই তথ্যকে আরও সহজ করে তুলতে পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনওরকম লেট ফি ছাড়াই লাইসেন্স নবীকরণের শেষ তারিখ ধার্য করা হয়েছে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। ফলে আবেদন সম্পূর্ণ করতে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের ভবিষ্যতে জরিমানার চাপ পড়বে না

যুগের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের যাবতীয় কাজ হয় অনলাইনে। এতে একদিকে যেমন পুরসভায় দীর্ঘ লাইনে দাঁড়ানোর দরকার পড়ছে না ঠিক তেমনই দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এছাড়াও নিত্যনতুন সুবিধা আনা হচ্ছে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের কাজের ক্ষেত্রে। তাই এবার লেট ফি নিয়েও বড় পদক্ষেপ নিল পুরসভার। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবীকরণ না করা হয় তাহলে ভবিষ্যতে জরিমানা বা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে পারে। তাই আগেভাগেই সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে আবেদন সম্পূর্ণ করে নেওয়াই মঙ্গল।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল সংসদ, কবে ফল প্রকাশ?

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘শহরের বিভিন্ন ছোট, মাঝারি ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই নথি বাধ্যতামূলক। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে এই লাইসেন্সের জন্য আবেদন করলে লেট ফি ধার্য হয়, যা ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝার চাপ বাড়ায়। তাই এই লাইসেন্সের প্রক্রিয়া সরল করা হচ্ছে।”