সহেলি মিত্র, কলকাতাঃ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আরও একটি বিমানবন্দর পেতে চলেছে বাংলা। তাও আবার আন্তর্জাতিক বিমানবন্দর। ইতিমধ্যে মালদায় আন্তর্জাতিক বিমানবন্দর (Malda International Airport) তৈরির জন্য সার্ভে শুরু হয়ে গিয়েছে বলে খবর। জমি বাছাই হলে কাজও শুরু হতে খুব বেশি সময় লাগবে না বলে মনে করা হচ্ছে।
মালদায় তৈরি হবে আন্তর্জাতিক বিমানবন্দর!
একটি রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত মালদা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি সনাক্তকরণের কাজ শুরু হয়েছে। জেলা কর্মকর্তাদের এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে বিভিন্ন স্থান যেমন গাজোল, হাবীবপুর, বামগঞ্জোলা, চঞ্চল এবং সংলগ্ন এলাকা অনুসন্ধান করা হচ্ছে। এমনিতে উত্তরবঙ্গে বাগডোগরা বিমানবন্দর রয়েছে। তবে সেটার ওপর ক্রমশ চাপ বাড়ছে। এহেন পরিস্থিতিতে এই বিমানবন্দরের চাপ কমাতে মালদা জেলায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে।
শুরু সার্ভের কাজ
প্রকল্পের অগ্রগতি হিসেবে সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন প্রকল্পের লক্ষ্য হলো বাংলার উত্তরের দিকে সংযোগ বাড়ানো। সেইসঙ্গে পাশাপাশি নিকটবর্তী বিহার এবং বাংলাদেশ-সীমান্ত অঞ্চলের মধ্যে পরিষেবা প্রদান করা। কর্মকর্তারা আশাবাদী যে বিমানবন্দরটি পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। এক কথায়, উত্তরবঙ্গের আরও এক প্রবেশদ্বার হিসেবে আবির্ভূত হতে পারে এই প্রস্তাবিত বিমানবন্দরটি বলে খবর।
আরও পড়ুনঃ ভিয়েতনামের সাথে মেগা ব্রহ্মোস চুক্তি ভারতের, লাইনে ইন্দোনেশিয়াও
এমনিতে মালদাতে একটি বিমানবন্দর রয়েছে। যদিও সেটায় আর এখন বিমান ওঠানামা করার মতো পরিকাঠামো নেই। রানওয়ের যা দৈর্ঘ্য তাতে বিমান ওঠানামা করতে পারবে না। যে কারণে অন্য কোনও জায়গায় বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন মালদার জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মালদা শহর লাগোয়া পরিত্যক্ত বিমানবন্দরটি চালু করা সম্ভব নয়। নতুন জায়গায় বিমানবন্দর তৈরি করা হবে। এজন্য প্রাথমিকভাবে গাজোল, আটমাইল এবং নারায়ণপুর এলাকায় তিনটি জমি চিহ্নিত করা হয়েছে।”










