সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র এক থেকে দুইদিন, ব্যস তারপরেই বাংলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা (Wet season)। এমনিতেই বাংলার একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও বাংলাজুড়ে তীব্র ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সবথেকে বড় কথা, বাংলায় বর্ষা ঢুকতে আর কতদিন, সেটাও জানিয়ে দিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘণ্টায় ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
আইএমডি জানিয়েছে, ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম-মধ্য ও পূর্ব-মধ্য আরব সাগর, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশে আরও অগ্রসর হয়েছে। আগামী ৭ দিন উল্লেখ্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও কিছু অংশে মধ্য আরব সাগর, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশ, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বাকি অংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। আগামী ১-২ দিনের মধ্যেই বাংলায় প্রবেশ করবে বর্ষা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
বুধবারের আবহাওয়া প্রসঙ্গে বললে, এদিন দক্ষিণবঙ্গে আবারও বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা। দুর্যোগের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়।










