অনন্যা সরকার, কলকাতা: বকেয়া ডিএ (Dearness allowance)-এর দাবিতে আবারও সরব সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ্য ভাতা বা DA দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বিগত সরকারের আমলে সরকার পোষিত সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তরা তাদের ডিএ বাড়ানো ও বকেয়া মেটানোর দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সুপ্রিম কোর্টের তরফে সরকারকে ডিএ মেটানোর জন্য নির্দেশ দেওয়া হলেও কোনও লাভ হয়নি। পরে আদালতের নির্দেশে কর্মীদের একাংশ ডিএ পান। তবে এখনও বহু স্কুল-কলেজ শিক্ষক, পুরসভায় কর্মরতরা তাদের প্রাপ্য পাননি। রাজ্যে সরকারের পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সাথে বৈঠকে যোগ দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সেখানে তাদের আশ্বস্ত করা হয় খুব শীঘ্রই তাদের বকেয়া মেটানো হবে। এই পরিস্থিতিতে এখন আবারও সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নবান্নে চিঠি পাঠানো হল মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে।
মুখ্যমন্ত্রীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কর্মীরা দীর্ঘদিন ধরেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি ও বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন করে আসছেন। বিগত সরকারের আমলে তাদের আশ্বাস দেওয়া হলেও, বাকি থাকা টাকা মেটানো হয়নি। এর জের গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। কিন্তু তৎকালীন রাজ্যে সরকার বর্তমান আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে সময় চায়। এরপর ২০১৬ থেকে ২০২৯ পর্যন্ত বকেয়া ডিএ-এর ২৫% দুটি ভাগে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছু সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা সেসময় ডিএ পেলেও, বহু সরকার পোষিত সংস্থার কর্মীরা মহার্ঘ্য ভাতা পাননি।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্বর ঘোষ চিঠি সম্পর্কে জানান, ‘আজ (09/06/2026) সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে চিঠি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (সুপ্রিম কোর্টের রায় মেনে) অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হল। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলাকারী সংগঠনগুলির বৈঠকেও এই নোটিফিকেশন জারির কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।আমরা চাই সুপ্রিম কোর্টের রায় মেনে এই কাজ দ্রুত সম্পন্ন করুক সরকার।’
আরও পড়ুনঃ বর্ষায় ঘুরে আসুন ‘দক্ষিণবঙ্গের দার্জিলিং’, মিলবে অপার শান্তি
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে একটি বৈঠক করা হয়। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা আলোচনার সন্তুষ্ট হয়েছেন। সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মুখ্য সচিব অর্থ সচিবকে কাজ শুরু করার নির্দেশও দেন শুভেন্দু অধিকারী। ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, এরিয়ার শতাংশ নিয়ে মতানৈক্য থাকায় আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকের ৭ দিনের মাথায় এখন আবার ডিএ-এর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের।










