বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। ভক্তরা আশা করেছিলেন, হয়তো একটি ম্যাচে হলেও নামবেন মাহি। তবে সেই আশায় জল ঢেলেছেন খোদ ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মুহূর্তে আসন্ন IPL এ ধোনিকে দেখার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ঠিক সেই আবহে, এক নতুন টি-টোয়েন্টি লিগের প্রচারে দেখা গেল মাহিকে। উল্লেখ্য, 10 জুন থেকে শুরু হয়েছে ঝাড়খন্ড টি-টোয়েন্টি লিগ।
গোটা IPL এ উধাও, হঠাৎ উদয় হলেন মাহি
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছু শারীরিক সমস্যার কারণে মাঠে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। জানা গিয়েছিল, চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। সে কারণেই চেন্নাই সুপার কিংসকে সঙ্গ দিতে পারেননি তিনি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিটতেই ক্রিকেটের ময়দানে দেখা মিলল ধোনির। আসলে, গতকাল থেকে শুরু হওয়া ঝাড়খন্ড টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহি।
এদিন নতুন টি-টোয়েন্টি লিগের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে নিজের হোমটাউন রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে হাজির হন তিনি। একেবারে কালো পোলো টি শার্ট, নীল প্যান্ট পরে দুর্দান্ত দেখাচ্ছিলো ভারতীয় তারকাকে। মাহিকে দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও। এদিন ধোনির হাত ধরেই হয় টি-টোয়েন্টি লিগের সূচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মাহিকে এ দিন টস করতেও দেখা যায়। সবমিলিয়ে, প্রিয় তারকাকে দীর্ঘদিন পর ক্রিকেটের ময়দানে দেখতে পেয়ে আনন্দে গদগদ ভক্তরা।
MS DHONI FLIPPING THE COIN IN JHARKHAND T20 LEAGUE. 😄❤️ pic.twitter.com/bhN2qm5XP0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2026
অবশ্যই পড়ুন: ওয়ানডেতে T20 স্টাইলে ব্যাটিং, আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস বৈভব সূর্যবংশীর
প্রসঙ্গত, ঝাড়খন্ড টি-টোয়েন্টি লিগ আয়োজন করছে মূলত ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং এভি24 স্পোর্টস প্রাইভেট লিমিটেড। এই টুর্নামেন্টে মোট 27টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল সহ অন্যান্য ম্যাচগুলি দু সপ্তাহ ধরে চলবে। এই টি-টোয়েন্টি লিগের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। 14 দিনব্যাপী এই টুর্নামেন্টের সেমিফাইনাল হবে 22 জুন এবং ফাইনাল গড়াবে পরের দিন অর্থাৎ 23 তারিখ।










