সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের। পদত্যাগের ঘোষণা করে দিলেন আরও এক সাংসদ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পদত্যাগের পর প্রকাশ চিক বরাইকের পদত্যাগ দলের ক্ষেত্রে কতটা ধাক্কার সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
পদত্যাগ করলেন আরও এক রাজ্যসভার সাংসদ
একদিকে যখন কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে তখন একের পর এক সাংসদের দলত্যাগ থেকে শুরু করে পদত্যাগ নতুন করে রাজনৈতিক আলোড়নের সৃষ্টি করেছে। প্রকাশ চিকের এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের (All India Trinomool Congress) শক্তি কমে ১০ জন সাংসদে দাঁড়াল। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের আরও তিনজন রাজ্যসভা সাংসদ পদত্যাগ করতে পারেন।
২৬-এর বিধানসভা ভোটে হারের পর একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। তৃণমূল এখন রীতিমতো তিন ভাগে বিভক্ত। একটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কিছু সাংসদ, অন্যটিতে রয়েছেন কয়েকজন বিরোধী তৃণমূল বিধায়করা আর অন্যটিতে রয়েছেন আরও কিছু সাংসদ, যারা একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, বাঁ হাত বলে পরিচিত ছিলেন। আগামী দিনে দলটাই আর থাকবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
দলে ক্রমেই বাড়ছে অসন্তোষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয় এবং একটি বিদ্রোহের কারণে দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই প্রকাশ বরাইকের পদত্যাগপত্র জমা হলো। গত সপ্তাহে, দলের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক (৮০ জনের মধ্যে ৬৫ জন) সরকারি বিধায়ক দল থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি লাভ করেন। এই গোষ্ঠীটি বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে গঠিত হয়েছে। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে যে তাদের শক্তি আরও বেড়েছে। যাইহোক, এখন দেখার আগামী দিনে কী হয়, দলের ভবিষ্যৎ কী? সেদিকে নজর থাকবে সকলের।










