বদলে গেল নিয়ম! বাংলার স্কুলগুলোর জন্য বিশেষ নির্দেশ রাজ্য সরকারের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারের (Government Of West Bengal) মন্ত্রী দিলীপ ঘোষ। এবার অবশেষে 20 জুন দিনটিকে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দিল সরকার। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত জেলায় 20 জুন দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার এমনকি নানান মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে পাবলিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। পাশাপাশি কেন 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে তার কারণও ব্যাখ্যা করতে হবে অনুষ্ঠানগুলিতে।

20 জুন প্রত্যেক জেলায় পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস

রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, 20 জুন রাজ্যের প্রত্যেকটি জেলায় কর্মসূচির আয়োজন করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল-কলেজে বিভিন্ন প্রদর্শনী, আলোচনা সভা সহ অন্যান্য সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। একই সাথে রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজের পাশাপাশি বিভিন্ন পলিটেকনিক কলেজ, আইআইটি কলেজগুলিতেও অনুষ্ঠান আয়োজন করতে হবে।

একই সাথে, এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল এবং কলেজে ডিবেট কম্পিটিশন বা বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতার মতো বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলাশাসকের নেতৃত্বে জেলা স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি গড়ে তুলতে হবে। স্বয়ং জেলাশাসকই হবেন ওই কমিটির চেয়ারম্যান। একই সাথে ওই কমিটিতে থাকবেন জেলার তথ্য এবং সংস্কৃতিক অফিসার, পুলিশ সুপার, এডিএম, জেলা শিক্ষা আধিকারিক, মেডিকেল অফিসাররা।

অবশ্যই পড়ুন: ভারতের সাথে আলোচনায় বসে সমস্যা মেটানোর ইঙ্গিত, হঠাৎ পাল্টি নেপালের!

উল্লেখ্য, পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল জামানায় পহেলা বৈশাখ দিনটিতে পালিত হতো পশ্চিমবঙ্গ দিবস। বিগত দিনগুলিতে সেভাবেই ওই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হতো, নানান কর্মসূচি। তবে রাজ্যে পালাবদল হতেই এবার পশ্চিমবঙ্গ দিবসের তারিখ বদলে ফেলল বিজেপি সরকার। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির যুক্তি, 20 জুন দিনটিতে বাংলা আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলার পশ্চিমাঞ্চলীয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল।