গ্যাসের সংকটে কমবে ইন্ডাকশনের দাম, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Published:

Induction Cooker

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির (Middle East War) জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাসের যোগান নিয়ে দিনের পর দিন বাড়ছে অনিশ্চয়তা। সেই সংকট মোকাবিলার জন্য দেশবাসীকে ইন্ডাকশন কুকার (Induction Cooker) ব্যবহারে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। লক্ষ্য একটাই—ইন্ডাকশনের দাম কমিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা। জানা গিয়েছে, এবার যন্ত্রাংশের শুল্ক ও জিএসটি কমাতে চলেছে ভারত সরকার।

সস্তা হবে ইন্ডাকশন

সরকারি সূত্র অনুযায়ী খবর, ইন্ডাকশন কুকার তৈরির খরচ কমানোর জন্য এবার বিভিন্ন যন্ত্রাংশের উপরেই আমদনের শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্র। এমনকি শুধু তাই নয়, শিল্প ও বাণিজ্য মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। বর্তমানে ইন্ডাকশন কুকটপের উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়, যা কমিয়ে আনুমানিক ৫ শতাংশে নিয়ে আসা হতে পারে। এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। আর যদি এই প্রস্তাব কার্যকর হয়, তাহলে বাজার চলতি ইন্ডাকশন কুকারগুলির দাম অনেকটাই কমতে পারে।

উল্লেখ্য, ভারতে যে সমস্ত ইন্ডাকশন তৈরি হয় তার অধিকাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয় সরকারকে। আর আমদানি করেই এখানে অ্যাসেম্বল করা হয়। একটি ইন্ডাকশন কুকারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পড়ে আইজিবিটি সেমি কন্ডাক্টর, যেটি সাধারণত জার্মানি বা জাপান থেকেই আমদানি করতে হয়। আর এই যন্ত্রাংশগুলির উপর যদি শুল্ক কমানো হয়, তাহলে উৎপাদন খরচ অনেকটাই কমবে। যার সরাসরি প্রভাব পড়বে আমজনতার উপরেই।

আরও পড়ুন: গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গে, ঝেঁপে নামবে বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

এদিকে শিল্প উন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর ইতিমধ্যেই হ্যাভেলস, টিটিকে প্রেস্টিজ়ের মতো প্রথম সারির সংস্থাগুলোকে ইন্ডাকশন উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে খবর। আর বাজারে যাতে পর্যাপ্ত পরিমাণ যোগান থাকে ও সংকট তৈরি না হয়, তার দিকেও নজর রাখছে কেন্দ্র সরকার। এমনকি উৎপাদন গতিশীল করার জন্য গুণমান সংক্রান্ত নিয়মবিধি আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।