বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1 জানুয়ারি, 2026 অনুযায়ী কার্যকর হওয়ার কথা অষ্টম বেতন কমিশন। আর তার আগেই পেনশন নিয়ে সুখবর শোনালো কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO (EPFO Pension)। যাঁরা মূলত চাকরি থেকে অবসরের পর প্রতিমাসে মোটা টাকার পেনশনের স্বপ্ন দেখেন, তাঁদেরই মুখে হাসি ফোটাবে EPFO র নতুন সিদ্ধান্ত। জানা যাচ্ছে, 2014 সালে বন্ধ হয়ে যাওয়া উচ্চতর পেনশন সংক্রান্ত পুরনো বিধান বা বিকল্প ফের চালু করেছে EPFO। এর দৌলতে, কর্মীরা এবার থেকে পেনশন তহবিলে বেশি অবদান রাখতে পারবেন অর্থাৎ অতিরিক্ত অর্থ জমাতে পারবেন।
সবাই পাবেন না এই সুবিধা
কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO স্পষ্ট করে জানিয়েছে, প্রত্যেক সরকারি বা বেসরকারি কর্মচারী উচ্চতর পেনশন সংক্রান্ত নতুন বিকল্পের সুবিধা পাবেন না। বরং নির্দিষ্ট কিছু কর্মচারী নিজেদের প্রকৃত মূল বেতন এবং মহার্ঘ ভাতার ভিত্তিতে পেনশন তহবিলে অতিরিক্ত অবদান রাখতে পারবেন। স্বাভাবিকভাবেই পেনশনে বেশি অর্থ জমালে পরবর্তীতে অবসরকালে মাসিক মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে।
কারা পাবেন এই সুবিধা?
EPFO সাফ জানিয়ে দিয়েছে, উচ্চতর পেনশন বিকল্প সকলের জন্য নয়। বরং ভবিষ্যতের জন্য পেনশন তহবিলে তারাই শুধুমাত্র বেশি অর্থ জমাতে পারবেন যাঁরা 2014 সালের পহেলা সেপ্টেম্বরের আগে উচ্চতর পেনশন বিকল্প বেছে নিয়েছিলেন। এর অর্থ 2014 সালে এই বিকল্প বন্ধ হওয়ার আগে থেকে যাঁরা এর সদস্য ছিলেন তাঁরাই এই বিকল্প বেছে নিতে পারবেন। ফলে সহজেই ভবিষ্যতের জন্য মোটা টাকার পেনশনের ব্যবস্থা করতে পারবেন একটা নির্দিষ্ট অংশের কর্মচারীরা।
অবশ্যই পড়ুন: ভারতের প্রথম ১০০% A1 স্টেশন হয়ে উঠল এটি, ইতিহাস গড়ল ভারতীয় রেল
প্রসঙ্গত, 2014 সালের 1 সেপ্টেম্বরের আগে বলা যেতে পারে আগস্ট মাস পর্যন্ত প্রকৃত বেতনের উপর ভিত্তি করে নিজেদের পেনশন তহবিল গঠন করার সুযোগ পেতেন কর্মচারীরা। এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হতেন সরকারি কর্মচারী এবং PSU কর্মীরা। যদিও পরবর্তীতে অর্থাৎ 2014 এর পহেলা সেপ্টেম্বরের পর থেকে পেনশনযোগ্য বেতনের নির্দিষ্ট সীমা বা ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় সরকার। এর ফলে একপ্রকার বন্ধ হয়ে যায় উচ্চতর পেনশন বিকল্প। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে সরকারি নিয়ম অনুযায়ী পেনশন যোগ্য বেতনের সর্বোচ্চ সীমা 15 হাজার টাকা।












