প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তাই রাজ্য জুড়ে বেশ থমথমে পরিবেশ তৈরি হয়েছে। আর এই অবস্থায় বহু আলোচনার পর অবশেষে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Examination) দিন ঘোষণা করল বোর্ড। জানা গিয়েছে, ভোট মিটলেই নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা। বহু আলোচনার পর যাবতীয় খুঁটিনাটি জানিয়ে ‘ইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে বড় আপডেট
৬ মার্চ রাজ্যে জয়েন্ট পরীক্ষা সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেখানে স্পষ্ট জানানো হয়েছে আগামী ২৪ মে, রবিবার একদিনে রাজ্যে দু’দফায় হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। ওএমআর শিটের মাধ্যমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয় পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্র হিসাবে থাকবে গণিত এবং দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। নম্বর বিভাজনের ক্ষেত্রে প্রথম পত্রের মোট নম্বর থাকবে ১০০ এবং দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ে প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হবে।
ফর্ম সংশোধন কবে করা হবে?
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে আগামীকাল, ১০ মার্চ মঙ্গলবার থেকে। নির্ধারিত ফি-র ভিত্তিতে ফর্ম পাওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। অনলাইনে পূরণ করা ফর্ম সংশোধন করার জন্য দু’দিন ধার্য করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন করা যাবে। এবং আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৫ মে থেকে ২৪ মে বিকেল ৪ টে পর্যন্ত। তবে ফলাফল কবে প্রকাশিত হবে, সেই দিন এখনও ঘোষণা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত দিন ঘোষণা করা হবে।
আরও পড়ুন: বিজ্ঞপ্তি জারি, তবু শুরু হয়নি প্রক্রিয়া! মিড ডে মিল নিয়ে মহা সমস্যায় স্কুলগুলি
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতকস্তরের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা স্বরূপ জয়েন্ট এন্ট্রান্স নেওয়া হয়। এবারেও ব্যতিক্রম থাকছে না, আসলে ভোটের কারণে এতদিন পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য দেওয়া যাচ্ছিল না, তবে এবার সেই নিয়ে বড় আপডেট দেওয়া হল।












