ব্রিটিশ ঐতিহ্যে ইতি, জওয়ানদের জন্য নতুন ড্রেস কোড চালু করল ভারতীয় সেনা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাচ্ছে ব্রিটিশ আমলের নিয়ম-কানুন! ইংলিশদের ঐতিহ্যকে বিদায় দিয়ে এবার ভারতীয় সেনাবাহিনীতে চালু হল নতুন ড্রেস কোড (Indian Army New Dress Code)। এবার থেকে কোনও অনুষ্ঠানে গলা অব্দি আটকানো কোট বা জ্যাকেট পরে যেতে পারবেন না ভারতীয় সেনার জওয়ানরা। পাশাপাশি সেনা অফিসাররাও প্যারেড চলাকালীন নিজেদের কাছে তলোয়ার রাখতে পারবেন না। এখানেই শেষ নয়, কোমরে পাউচ বেল্ট বা কোমর বন্ধনীর শতাব্দী প্রাচীন ঐতিহ্যকেও বিদায় জানানো হচ্ছে। এই ধরনের কোমর বন্ধনী বা বেল্ট আর ব্যবহার করা যাবে না। সেই মর্মে, ভারতীয় সেনাবাহিনীর তরফে আর্মি ইউনিফর্মস 2026 নামক নতুন ম্যানুয়াল প্রকাশ করা হয়েছে।

এক নজরে ভারতীয় সেনার নতুন ড্রেস কোড

ভারতীয় সেনাবাহিনীর তরফে 174 পৃষ্ঠার যে নতুন আর্মি ইউনিফর্মস 2026 ম্যানুয়াল প্রকাশিত হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, পোশাকের নতুন নিয়ম অনুযায়ী, পদমর্যাদার সমস্ত ভারতীয় সেনা কর্মীদের জন্য শীতের পোশাকের পরিকল্পনা করা হয়েছে। সেই পোশাকে থাকবে একটি ব্যাটল জ্যাকেট। সঙ্গে থাকছে অ্যাঙ্গোলা শার্ট। এছাড়াও থাকছে বেরেট টুপি।

এছাড়া প্রথমবার সেনা অফিসারদের ফরমাল ড্রেস কোড হিসেবে রাখা হচ্ছে ফুল স্লেভ শার্ট। তার উপর থাকবে গলা অব্দি বন্ধ কোট অথবা জ্যাকেট। তবে সেই কোট বা জ্যাকেটের রং হতে হবে মার্জিত। এটা গেল পুরুষদের ক্ষেত্রে। মহিলা অফিসারদের ক্ষেত্রে মার্জিত এবং রুচিসম্মত রঙের শাড়ি অথবা কুর্তা-সালোয়ার সঙ্গে গোড়ালি পর্যন্ত ঝুল প্যান্ট এবং দোপাট্টা পরার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে স্লিভ লেস পোশাক অর্থাৎ কুর্তা সহ অন্যান্য জামাকাপড় পড়া যাবে।

ভারতীয় সেনার কয়েকজন অফিসার জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরেই নতুন ড্রেস কোড চালু করার পরিকল্পনা চলছিল। অবশেষ সেনাবাহিনীর পোশাক সংক্রান্ত কোনও নির্দেশিকা বা ম্যানুয়াল প্রকাশ করা হল। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই ব্রিটিশ আমলের বিভিন্ন নিয়ম একে একে সরিয়ে ফেলা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর মেস ড্রেস নম্বর 5 এবং 6 থেকে বাদ দেওয়া হয়েছে পাউচ বেল্ট বা চামড়ার তৈরি কোমর বন্ধনী। বলা হচ্ছে এই ধরনের বেল্ট সাধারণত রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠান বা প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধানের বাসভবনে আয়োজিত নৈশভোজে ব্যবহার করা যায়। তাই ভারতীয় সেনার কর্মীরা এই বেল্ট আর পরতে পারবেন না। তবে আর্মড কোর থেকে শুরু করে মেকানাইজড ইনফ্যান্ট্রি অথবা আর্টিলারি রেজিমেন্ট এর মতো কিছু ক্ষেত্রের পদমর্যাদার অফিসাররা এই বেল্ট পরতে পারবেন।

অবশ্যই পড়ুন: শুরু হল রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট যাচাই, কড়া নির্দেশিকা নবান্নের

প্রসঙ্গত, পোশাকের নিয়মে বদলানোর পাশাপাশি ভারতীয় সেনার কর্মীদের চেহারা এমনকি সাজগোজের ক্ষেত্রেও জারি করা হয়েছে নতুন নির্দেশ। বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি ইউনিফর্ম পরা অবস্থায় শরীরের ট্যাটু করতে বা গয়না পরতে পারবেন না। তবে ধর্মীয় ক্ষেত্রে হাতে ধাগা বা সুতো পরা যেতে পারে। পরা যেতে পারে ব্রেসলেটও। তবে শিখ ধর্মাবলম্বী ব্যক্তিদের ক্ষেত্রে ভারতীয় সেনায় ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি নেই। এছাড়াও ভারতীয় সেনার পুরুষ কর্মীদের গোপের দৈর্ঘ্য 12 সেন্টিমিটারের বেশি হলে চলবে না। একই সাথে শরীরে পারফিউম বা সেন্ট মারা নিষিদ্ধ। মহিলাদের ক্ষেত্রে লিপস্টিক, টিপ, নাকছাবিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরা যাবে সিঁদুর বা তিলক।