দক্ষিণবঙ্গে এবার গরমের খেলা, ৬ জেলায় তাপপ্রবাহর পরিস্থিতি! আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আজ থেকে শুরু হল আবহাওয়ার (Weather Today) আসল খেলা। এপ্রিল মাস শুরু হতে হতেই গরম নিজের রূপ দেখাতে শুরু করেছে। তার ওপর বৃষ্টি কমে গিয়েছে। নতুন করে ঘাম ঝড়ানো ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে বাংলায়। আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস জারি করে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। অবশ্য স্থান বিশেষে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা ছিঁটেফোঁটা বর্ষণের ভ্রূকুটি রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার কিছু জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিনে প্রধানত শুষ্ক পশ্চিমী/উত্তর-পশ্চিমী হাওয়া বইবে। তাপমাত্রার কথা বললে, আগামী ৪ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আর্দ্রতা ৮০-৯০% এবং অভ্যন্তরীণ জেলাগুলিতে ৭০-৮০% থাকতে পারে। সর্বনিম্ন আর্দ্রতা ৩০-৫০% এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলে খবর। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: IPL-র ইতিহাসে প্রথম, বিশেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বাবা ও ছেলে!

আগামীকালের আবহাওয়া

শুক্রবার কি বৃষ্টি হবে? গরম কমবে? সে গুরে বালি। এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার কিছু জায়গায় গরম ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকতে পারে। অবশ্য ৫ এপ্রিল অর্থাৎ রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

google button