বুমরাহর মতোই গুরুত্ব, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পান্ডিয়াকে বড় দায়িত্ব দিতে পারে BCCI

Published:

Hardik Pandya

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টিম ইন্ডিয়াকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বর্তমানে IPL নিয়ে ব্যস্ত তিনি। এই আসরে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য হার্দিকের। এর আগেও তিনি জানিয়েছিলেন প্রচুর ট্রফি জিততে চান। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই ভারতীয় ওয়ানডে দলে কামব্যাক করতে পারেন এই খেলোয়াড়। সবচেয়ে বড় কথা সামনেই 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেদিকেই বিশেষ মনোযোগী ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকটি রিপোর্ট দাবি করছে, আসন্ন ওয়ানডে সিরিজের জন্য হার্দিকের উপর নজর রয়েছে বোর্ডের।

2027 বিশ্বকাপে ভারতের X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন হার্দিক

সাম্প্রতিক সময়ে চোটের কারণে ভারতীয় ওয়ানডে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে অনেকেই মনে করছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ক্ষমতা বোঝাতে পারলে অবশ্যই 2027 ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা করে নেবেন পান্ডিয়া। এখানেই শেষ নয়, কয়েকটি সূত্র দাবি করছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর মতো হয়তো হার্দিক পান্ডিয়াকেও 10 ওভার বোলিং করানো হতে পারে। যদিও সেটা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক। অধিনায়ক যদি মনে করেন হার্দিক পান্ডিয়াকে দিয়ে 10 ওভার বল করানো যায় তবে তিনি সেটা করতে পারেন।

বলাই বাহুল্য, এই মুহূর্তে চোট সারিয়ে পুরোপুরি ফিট পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের ঘুম উড়িয়েছিলেন হার্দিক। এহেন একজন অলরাউন্ডারকে কাজে লাগাতে পারলে লাভটা ভারতেরই। মনে করা হচ্ছে, জসপ্রীত বুমরাহর ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে 2027 বিশ্বকাপে বেশি সময় কাজে লাগানো হতে পারে পান্ডিয়াকে। টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। দ্রুতগতি ও বাউন্স পিচে যেহেতু খেলা হবে ফলে হার্দিক পান্ডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। এক কথায়, আসন্ন বিশ্বকাপে ভারতের X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই প্লেয়ার।

অবশ্যই পড়ুন: পরের ম্যাচেও পাঞ্জাবের কাছে হারবে KKR! কারণ জেনে নিন

উল্লেখ্য, অনেকেই মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের জাত চেনাতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন জিতেশ শর্মা। তেমনই নাম আছে সরফরাজ খানেরও। তাছাড়াও মহম্মদ শামির মতো প্লেয়ারের হাতে সুযোগ রয়েছে IPL এ ক্ষমতা জাহির করে বিশ্বকাপের দলে কামব্যাক করার।

google button