মুম্বইয়ের পর এবার পশ্চিমবঙ্গে আসছে টেসলা, বড় ঘোষণা মাস্কের সংস্থার

Published:

Tesla In West Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের পর এবার বাংলায় নিজেদের ছাপ রাখতে চলেছে ধন কুবের ইলন মাস্কের সংস্থা টেসলা (Tesla In West Bengal)। সেই মর্মে গতকাল অর্থাৎ বুধবার সাংবাদিক সম্মেলন করে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি জানিয়ে দিয়েছে, পুজোর আগেই পশ্চিমবঙ্গে নিজেদের প্রথম সার্ভিস সেন্টার এবং বডি শপ খুলবে টেসলা। যা খবর, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বিশেষ করে পূর্বাঞ্চলে ক্রেতার সংখ্যা ঊর্ধ্বমুখী। মূলত সে কারণে ক্রেতাদের সুবিধা দিতেই বাংলায় সার্ভিস সেন্টার এবং বডি শপ খোলার পরিকল্পনা করছে সংস্থাটি।

বাংলার কোথায় খোলা হবে সার্ভিস সেন্টার এবং বডি শপ?

সাম্প্রতিক সময়ে ভারতে বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা গাড়িতে অতিরিক্ত শুল্ক নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ধন কুবের তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যদিও গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফর করার পরই সেখানে একটি বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। আর তারপর থেকেই ভারতে একের পর এক বিপণি খুলছে টেসলা।

তাছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশ থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কিছুটা কমানো হয়েছে। তাতে সুবিধা পেয়েছেন ইলন মাস্কের মতো ব্যবসায়ীরা। আর এরই মাঝে গতকাল অর্থাৎ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেসলা ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার শারদ আগরওয়াল জানিয়ে দিলেন, তাঁরা চলতি বা পরের ত্রৈমাসিকে পশ্চিমবঙ্গ সহ চেন্নাই, আহমেদাবাদ ও হায়দরাবাদে সার্ভিস সেন্টার এবং বডি শপ খুলবে।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, ক্রেতাদের কাছে গাড়ি বিক্রি করার পাশাপাশি পরবর্তীতে সেই গাড়ি নিয়ে তাঁদের যাতে কোনও রকম সমস্যায় পড়তে না হয় অর্থাৎ পরবর্তীকালীন পরিষেবা নিশ্চিত করতেই বাংলা তথা অন্যান্য জায়গাগুলিতে সার্ভিস সেন্টার খোলা হবে। শোনা যাচ্ছে, রাজ্যের কোথায় সার্ভিস সেন্টার তৈরি করা হবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে টেসলা। তবে সেই জায়গার নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি ইলন মাস্কের সংস্থা। তবে সূত্রের খবর, বাংলায় সার্ভিস সেন্টার খুললেও বিপণি খোলার পরিকল্পনা নেই মার্কিন সংস্থাটির।

অবশ্যই পড়ুন: ব্যাট হাতে এমন আগে কেউ করেনি, IPL-র প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস বৈভব সূর্যবংশীর

উল্লেখ্য, ভারতে টেসলা ব্যবসা বাড়ানোর পাশাপাশি ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিঙ্কও ভারতের মাটিতে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই নাকি কেন্দ্রীয় সরকারের তরফে প্রাথমিকভাবে বেশ কিছু সবুজ সংকেত মিলেছে। এখন অপেক্ষা চূড়ান্ত ছাড়পত্রের। সেটা পাওয়া গেলেই দেশে নিজেদের পরিষেবা শুরু করে দেবে ইলন সংস্থা।