বিক্রম ব্যানার্জী, কলকাতা: অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করে চলে এসেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026 Playoffs)। এমতাবস্থায়, IPL দলগুলির সমর্থকরা জানতে চাইছেন এবছর ঠিক কোন কোন দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে বর্তমানে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে দুই দলের IPL 2026 এর প্লে অফ একপ্রকার নিশ্চিত। এছাড়াও প্লে অফের লড়াইয়ে ভেসে থাকার দৌড়ে একে অপরকে টেক্কা দিচ্ছে বাকি দলগুলিও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন কোন দলের প্লে অফে জায়গা হতে পারে।
প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে এই দুই দল
এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। 7 ম্যাচের 6টিতে জয় এবং একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে 13 পয়েন্ট সংগ্রহ করেছে পাঞ্জাব। বলা যেতে পারে, আজ পর্যন্ত একটি ম্যাচেও হারেনি দলটি। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই মুহূর্তে পাঞ্জাব যে কর্মে রয়েছে তাতে এই দলের নেট রান রেটের উপর ভরসা করতে হবে না। পাঞ্জাবের প্লে অফে যাওয়ার সম্ভাবনা 95 শতাংশেরও বেশি। তবে এই দলটিকে তালিকার মগডালে জায়গা ধরে রাখতে হবে।
পাঞ্জাবের পাশাপাশি প্লে অফের রাস্তা খোলা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যেও। 8 ম্যাচের 6টিতে জয় এবং দুটি ম্যাচে পরাজয় নিয়ে বর্তমানে 12 পয়েন্টে দৌড়াচ্ছে বেঙ্গালুরু। তবে এই দলের নেট রান রেট আর পাঁচটা দলের তুলনায় অনেক ভাল। বিরাট কোহলির দলের নেট রান রেট +1.919। RCB দলটির প্লে অফে ওঠার সম্ভাবনা 90 শতাংশেরও বেশি।
প্লে অফের দৌড়ে জোরদার লড়াইয়ে এই দলগুলি
এই দুই দল ছাড়া বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই সম সংখ্যক ম্যাচে জয় এবং পরাজয় দেখলেও নেট রান রেটের নিরিখে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। তাদের নেট রান রেট +0.815। ওদিকে রাজস্থানের নেট রান রেট +0.602। এক কথায় বলা যায়, প্লে অফের দৌড়ে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এই দুই দলের মধ্যে। লক্ষ্য পূরণ করতে গেলে আসন্ন তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে এই দুই দলকে।
পয়েন্ট তালিকার 5 নম্বরে থাকা গুজরাত বর্তমানে বেশ খানিকটা বিপদে। এই দলটিকে প্লে অফে জায়গা করতে হলে অন্তত আসন্ন চারটি ম্যাচ জিততেই হবে। যা GT এর পক্ষে বেশ কঠিন হতে চলেছে। এছাড়াও চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটলস এবং কলকাতা নাইট রাইডার্স তিন দলই যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দলগুলিকে প্লে অফে জায়গা করতে হলে আসন্ন 6 ম্যাচের মধ্যে অন্তত 5টি ম্যাচে জয় তুলতেই হবে। অন্যথায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা।
অবশ্যই পড়ুন: রোজভ্যালিতে বিনিয়োগ করে প্রতারিত? টাকা ফেরাচ্ছে ED
যে দলগুলির বাদ পড়ার সম্ভাবনা প্রবল
এই মুহূর্তে পয়েন্ট তালিকার নয় এবং দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। উভয় দলেরই পয়েন্ট চার। বর্তমানে পয়েন্ট তালিকায় এই দুই দলের যা অবস্থা তাতে পরবর্তী তিন ম্যাচে জিততে পারলে তবেই আলোচনায় আসতে পারবে তারা। এক কথায়, প্রত্যেকটি ম্যাচই এই দুই দলের কাছে বাঁচা মরার লড়াই। একটি ম্যাচেও হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে তাদের।










