বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিন শেষ পুরনো আধার (Aadhaar) অ্যাপের। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদিত এম আধার অ্যাপ। UIDAI একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ধীরে ধীরে পুরনো এম আধার অ্যাপটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় এসেছে নতুন এবং অত্যাধুনিক আধার অ্যাপ (New Aadhaar App)। সেই সূত্রেই, ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব সেই নতুন অ্যাপ নিজেদের ফোনে ইন্সটল করে নেওয়ার আবেদন জানাচ্ছে UIDAI।
কেন বন্ধ করা হচ্ছে পুরনো এম আধার অ্যাপ?
এতদিন, এই এম আধার অ্যাপ থেকেই বাড়িতে বসে নিজেদের আধার কার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করতে পারতেন ব্যবহারকারীরা। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে আধার কার্ড নিয়ে জালিয়াতি বেড়েছে এবং ভারতে ডিজিটাল ক্রাইম যেভাবে মাথাচাড়া দিয়েছে তাতে পুরনো অ্যাপ আর রাখতে চাইছে না, ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া। এক কথায়, আধার পরিষেবাকে আরও সহজ, নিরাপদ এবং সহজলভ্য করে তোলার লক্ষ্যেই নতুন অ্যাপ নিয়ে এসেছে UIDAI।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও করে লিখেছে, “খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে পুরনো এমআধার অ্যাপটি। ব্যবহারকারীরা যত দ্রুত সম্ভব নতুন আধার অ্যাপ ডাউনলোড করে রাখুন। নতুন অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে এর ফার্স্ট এবং স্মার্ট ফিচার উপভোগ করতে পারবেন আপনারা।” UIDAI জানিয়েছে, নতুন আধার অ্যাপটি পুরনো এম আধারের তুলনায় অনেকটাই শক্তিশালী এবং উন্নত।
নতুন আধার অ্যাপের সাথে কোনও দিক থেকেই তুলনা চলে না পুরনো অ্যাপের। বলা হচ্ছে, আগে যেখানে পুরনো অ্যাপ ব্যবহারের সময় অনেক ক্ষেত্রেই আধারের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হতো, নতুন অ্যাপে সেটা হচ্ছে না। এই অ্যাপটিতে মূলত ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখানে রয়েছে কিউআর ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা। বিশেষজ্ঞদের দাবি, এবার থেকে এই নতুন অ্যাপের মাধ্যমে কিউআর ভিত্তিক আধার শেয়ারিং করে নিজের সম্পূর্ণ তথ্য না দেখিয়ে হোটেলের রুম বুকিং থেকে শুরু করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ সেরে নিতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ব্যক্তির গোপনীয় তথ্য গোপন থাকছে।
mAadhaar will discontinue soon. Download the new Aadhaar App and experience faster access, smarter features & enjoy services at your fingertips.
It is designed to make your Aadhaar experience simpler, and more convenient than ever!
Download Aadhaar App now -… pic.twitter.com/6XFLGU7KlK— Aadhaar (@UIDAI) May 25, 2026
অবশ্যই পড়ুন: ঝরনা, ড্যাম থেকে সবুজ পাহাড়, কলকাতার অদূরেই রয়েছে ছবির মতো সুন্দর স্বর্গীয় জায়গা
শুধু তাই নয়, পুরনো অ্যাপের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা নতুন আধার অ্যাপে যুক্ত হয়েছে নতুন এবং উন্নত প্রযুক্তি। আগে যেখানে পুরনো অ্যাপটিতে আধার যাচাই করার জন্য আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করতে হতো নতুন অ্যাপে সেটা করতে হবে না। এই নতুন অ্যাপে থাকছে ফেস অথেন্টিকেশন ব্যবস্থা এমনকি কিউআর কোড ভেরিফিকেশনের মতো অপশন। সবচেয়ে বড় কথা, এই নতুন অ্যাপেই ব্যবহারকারীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশনের মতো অপশনগুলি লক বা আনলক করতে পারবেন। এক কথায়, ব্যক্তির নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তাকে পুরোপুরি নিশ্চিত করে এই অ্যাপ।










