বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা গেল না পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। যাঁকে দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে বসে থাকেন ভক্তরা, সেই মাহিই এবছর চোটের কারণে মাঠের বাইরে। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারে শেষের পথে। বর্তমানে চলছে কোয়ালিফায়ার রাউন্ড। তা শেষ হলেই ধাপে ধাপে ফাইনাল দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। আর তার আগেই প্রশ্ন উঠছে, IPL 2027 এ দেখা যাবে তো মাহিকে? নাকি তার আগেই অবসর নেবেন ধোনি?
2027 IPL এ খেলবেন না মহেন্দ্র সিং ধোনি?
মহেন্দ্র সিং ধোনির বয়স এখন 44। আগামী জুলাইতেই 45 এ পা দেবেন খেলোয়াড়। ক্রিকেটে প্লেয়ারদের জন্য বয়সটা বড় ফ্যাক্টর। বয়সের সাথে সাথে কমতে থাকে ফিটনেস। সেটা ভাল মতোই বোঝেন মাহি। তাইতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসরে নিয়ে নিয়েছেন ভারতীয় তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়েছেন ভক্তদের জন্যই। তবে অনেকেই মনে করেন, মহেন্দ্র সিং ধোনির এখনই অবসর নেওয়া উচিত। একই মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের একাংশের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে কবে অবসর নেবেন তা নিয়ে আজ পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে শোনা গিয়েছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই IPL থেকে সরে দাঁড়াতে পারেন মাহি। তবে চোটের কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা গেল না তাঁকে। মূলত সে কারণেই IPL 2026 এর একেবারে শেষ লগ্নে এসে অনেকেই প্রশ্ন করছেন, 2027 IPL এ আদৌ দেখা যাবে ধোনিকে?
এ নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “মহেন্দ্র সিং ধোনি পরের সিজনে খেলতে পারেন। এখনও পর্যন্ত ধোনির সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে খুব শীঘ্রই কথা হয়ে যাবে। আমার মনে হয় সে নিশ্চয়ই পরবর্তী IPL সিজনে খেলতে চাইবে। তাই আশা রাখছি ওকে পাওয়া যাবে।” এদিন মাহির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে CSK এর কর্তা বলেছিলেন, “মাহি চান চেন্নাইয়ের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে। আমরা আশা করছি সে নিজের সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি রাখবে এবং চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলবে।”
অবশ্যই পড়ুন: বেআইনি হলেও মেসির মূর্তি ভাঙবে না সরকার, ৭০ ফুটের স্ট্যাচু নিয়ে বিকল্প ভাবনা রাজ্যের
প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কাজের কাজ করে দেখাতে পারেনি চেন্নাই সুপার কিংস। 14 ম্যাচের মধ্যে ছয়টিতে জয় এবং 8 ম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছে CSK। সবচেয়ে বড় বিষয়, চলতি টুর্নামেন্টে হাঁটুর সমস্যার কারণে ধোনি না থাকায় শোচনীয় অবস্থা হয়েছে চেন্নাইয়ের।










