সমবায় ব্যাঙ্কে ৩ কোটির দুর্নীতি, নিলামে উঠবে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সম্পত্তি

Published:

Dubrajpur

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে নিলামে উঠতে চলেছে দুবরাজপুরের (Dubrajpur) প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের (Bholanath Mitra) সম্পত্তি! ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি এবং চিনপাই কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন সম্পাদক ভোলানাথ মিত্রর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে প্রায় ৩ কোটি টাকার দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। আর সেই আর্থিক অনিয়মের জেরে তাঁকে বকেয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা না মেটানোয় এবার তাঁর সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

৩ কোটির বেশি আর্থিক প্রতারণা

বীরভূমের রাজনীতিতে কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি ছিল এই ভোলা মিত্রের। আর সেই সুবাদে তিনি দুবরাজপুরের তৃণমূল ব্লক সভাপতি পদে ছিলেন। এছাড়াও তিনি চিনপাই কো-অপারেটিভ লেবার কনট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির সেক্রেটারি পদে ছিলেন। কিন্তু ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দুবরাজপুরের চিনপাই কো-অপারেটিভ অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির সদস্যদের একাংশ। অভিযোগ, ওঠে ব্লক সভাপতি থাকাকালীন তিনি প্রভাব খাটিয়ে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কয়েক ধাপে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি সদস্যের একাংশের সই নকল করে তিনি এ কাজ করেছেন বলেও অভিযোগ ওঠে।

নিলামে উঠতে চলেছে তৃণমূল নেতার সম্পত্তি

কো-অপারেটিভ এর অন্যান্য সদস্য অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজে অভিযোগ দায়ের করেন। সেখানে ২০১১ থেকে ২০২৪ সালের অডিট হয় এবং তার পরই ধরা পড়ে তছরুপের ঘটনা। এই নিয়ে বীরভূমের জেলাশাসকের কাছে অভিযোগও জমা পড়ে। এবার সেই টাকা ফেরাতে রাজ্যের রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ নির্দেশ দেওয়ায় শুরু হয় আইনি লড়াই। শেষে আদালতের রায়ে প্রাক্তন দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের সম্পত্তি নিলাম হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৩০ জুন, দুবরাজপুর ব্লকে দুপুর ১২:৩০ টায় শুরু হবে নিলাম প্রক্রিয়া।

আরও পড়ুন: কোটি টাকার ওপর প্রতারণার অভিযোগ! সোহমের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় FIR

প্রসঙ্গত, রাজ্যে প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে একের পর এক তৃণমূল কাউন্সিলরকে। গত বুধবার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হন। জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশকুমার শর্মাকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে গতকাল, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকেও তোলাবাজি এবং শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।