রাজ্যের উদ্যোগে বাংলার একঝাঁক মিষ্টি এবার পেতে পারে GI Tag, তালিকায় কী কী?

Published:

Bengali Sweets

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার এবার এরাজ্যের কিছু জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টিগুলিকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI Tag) পাওয়ানোর জন্য তোড়জোড় শুরু করেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই সমস্ত স্থানীয় মিষ্টিগুলির প্রচার ও পরিচিতি তৈরির জন্যই রাজ্য বিজেপি-এর এই প্রয়াস। এরসাথে সুসংবদ্ধ উৎপাদন এবং রপ্তানির সুবিধার জন্য তাদের মিষ্টি হাব (Mishti Hub) তৈরির পরিকল্পনাও রয়েছে। 

GI Tag কী?

জিআই ট্যাগ নির্দিষ্ট ভৌগোলিক উৎস রয়েছে এমন পণ্যগুলিকে প্রদান করা হয়। সেই স্থানের নামে পণ্যগুলি পরিচিতি ও সুনাম অর্জন করে। যেমন, ২০১৭ সালে কলকাতার রসগোল্লা জিআই ট্যাগ লাভ করে। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টির সুরক্ষার জন্য প্যারিস কনভেনশনের অধীনে জিআই-কে  ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPR)-এর অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে, জিওগ্রাফিকাল আইডেন্টিকেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO)-এর মেধাসত্ত্ব অধিকারের বাণিজ্য সম্পর্কিত দিকের জন্য করা চুক্তি (TRIPS) দ্বারা পরিচালিত হয়। 

বিজেপি সূত্রে জানানো হয়েছে, স্বীকৃতি পায়নি এমন মিষ্টিগুলির জিআই ট্যাগের জন্য তারা রাজ্য সরকারের মাধ্যমে আবেদন করবে। জেলাগুলি থেকে সংগৃহীত তথ্য, বিশেষজ্ঞদের মতামত ও গবেষণার ওপর নির্ভর করে এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ তার মিষ্টির জন্য বিখ্যাত। বাংলায় এমন অনেক মিষ্টি রয়েছে যেগুলির জনপ্রিয়তা আরও বৃদ্ধি হওয়ার দরকার আছে। তাই রাজ্য কেন্দ্র সরকারের কাছে এবিষয়ে আবেদন করবে। 

তালিকায় কোন কোন মিষ্টি?

জানা গেছে, জিআই ট্যাগ পাওয়ার তালিকায় প্রথম সারিতে রয়েছে মালদার বিখ্যাত কানসাট এবং কোচবিহারের মোহনভোগ। এই দুই মিষ্টিকে নিয়ে প্রথম পর্বের কর্মসূচির শুরু করার পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের। এছাড়াও, হুগলির কামারপুকুরের সাদা বোঁদে এবং নবদ্বীপের লাল দই নিয়েও আলোচনা চলছে।  

আরও পড়ুনঃ এক ফর্মেই পরিবারের সকলে পাবেন টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয় বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

মিষ্টি হাব নিয়েও পরিকল্পনা রাজ্য সরকারের

তবে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা জিআই ট্যাগেই সীমাবদ্ধ নেই, তারা সংশ্লিষ্ট জেলাগুলিতে ‘মিষ্টি হাব’ তৈরি করার কথাও ভাবছে, যা ওই মিষ্টিগুলির উৎপাদন ও রপ্তানি ব্যবস্থা উন্নত করবে। বিজেপির দাবি যেখানে জিআই ট্যাগ মিষ্টিগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেবে, সেখানে মিষ্টি হাবগুলি ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে।