দু’ঘণ্টার রাস্তা ৩০ মিনিটেই! শহরে হেলি ট্যাক্সি পরিষেবা আনতে চলেছে বিজেপি সরকার

Published:

Heli-Taxi Project in Delhi

অনন্যা সরকার, নয়া দিল্লি: দিল্লির (Delhi) পরিবহন ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন দিল্লিবাসী। রাজধানী থেকে দেশের অন্যান্য শহরে পৌঁছানো যাবে আধঘন্টার মধ্যেই। পাশাপাশি চালু হতে পারে হেলিকপ্টার-ট্যাক্সি (Heli-Taxi Project), যা কম সময়ে পৌঁছে দেবে দূরের গন্তব্যে। এই পরিকল্পনাগুলির বাস্তবায়ন সফলভাবে হলে মুম্বাই, কলকাতা বা চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতেও অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা চালু হতে পারে।

দিল্লির পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা

আগামী ১৬ জুন থেকে ড্রাফট রিজিওনাল প্ল্যান ২০৪১ (Draft Regional Plan 2041) নিয়ে দিল্লিতে আলোচনা শুরু হবে। দিল্লির সাথে উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মত প্রতিবেশী রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরো উন্নত করা যায় তাই নিয়ে পর্যালোচনা হবে। 

দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর (NCR) অঞ্চলে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, এই সমস্যার সমাধানে আটটি নতুন গ্রিনফিল্ড টাউনশিপ তৈরি পরিকল্পনা করা হচ্ছে। এর অনুপ্রেরণা নেওয়া হচ্ছে দিল্লি-মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডর থেকে। প্রকল্পটির লক্ষ্য দিল্লির ওপর জনসংখ্যার চাপ কমিয়ে আশেপাশের অঞ্চলে বসতি স্থাপন করা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। 

আরও পড়ুনঃ দেশের বাজারে কমতে পারে সোনা, রুপোর দাম! বিরাট সিদ্ধান্ত সরকারের

উল্লেখযোগ্যভাবে, নতুন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ‘৩০ মিনিটে এনসিআর’ (30 Minutes NCR) প্রকল্প। দিল্লি থেকে হরিয়ানা, গুরুগ্রামের মতো জায়গায় হাই স্পিড রেল লিঙ্ক (High Speed Rail Link)-এর মাধ্যমে মাত্র আধঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। পাশাপাশি চালু করা হতে পারে হেলি-ট্যাক্সি পরিষেবা। যাত্রীরা হেলিকপ্টারে করে এক দু’ঘন্টার রাস্তা কয়েক মিনিটেই অতিক্রম করতে পারবেন। এই পরিকল্পনার বাস্তবায়নে ২০ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।