বিক্রম ব্যানার্জী, অসম: শনিবার সকাল সকাল ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলেন দেশবাসী। দুর্ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট বিমানঘাঁটিতে। জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমানঘাঁটিতে অবতরণ করার সময়ই ভেঙে পড়ে একটি AN-32 বিমান। বায়ুসেনার বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই ধরে যায় আগুন। তাতে কালো ধোয়ায় থেকে যায় চারপাশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
কীভাবে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা?
অসমে ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে অবতরণ করার সময় হঠাৎ কার্গো বিমানটি ভেঙে পড়ার ঘটনায় মুখ খুলেছে ভারতীয় বিমান বাহিনী। বায়ুসেনার তরফে এই বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। একই সাথে জানানো হয়েছে, এই বিমানটি রেগুলার ফ্লাইট ছিল। তবে ঠিক কোন কারণে আচমকা বিধ্বস্ত হল ওই বিমান তা জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি, খারাপ আবহাওয়া নাকি অন্য কোনও কারণে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই মর্মে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
বায়ু সেনার একটি সূত্র জানিয়েছে, ওই বিমানটি হঠাৎ মাটিতে আছড়ে পড়ার পর সেটি একবারে দু খন্ড হয়ে যায়। বিমানে ধরে যায় আগুন। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার AN-32 বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়নের অন্তনভ ডিজাইন ব্যুরোর হাতে তৈরি কার্গো বিমান। খারাপ আবহাওয়া থেকে শুরু করে কঠিন পরিস্থিতির মধ্যেও যাতে সমস্যা না হয় সে কথা ভেবেই তৈরি করা হয়েছিল এই বিমানটি। 1980 এর দশকে এই কার্গো বিমান ভারতীয় বিমানবাহিনীর অংশ হয়।
অবশ্যই পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থমকাল ট্রেনের চাকা, হাওড়া-দিল্লি মেন লাইনে ব্যাহত রেল চলাচল
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার কার্গো বিমানটি ভেঙে পড়ার খবর পেতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমানবাহিনীর কর্মকর্তারা। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে ওই বিমানের পাইলট এবং কো পাইলট কেমন আছেন, আদৌ জীবিত রয়েছেন কিনা তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।










