সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জন্য পাকিস্তানের (Pakistan) আকাশ সীমা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেই দেশে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। দিল্লি থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার AI 479-এর Airbus A321 এয়ারবাসটি গতকাল রাতে দিল্লি থেকে উড়ে অমৃতসরে নামার কথা ছিল। তবে সেটি আঁটারি সীমান্ত পেরিয়ে সরাসরি পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে। এমনকি মিনিট দুয়েক সেখানে চক্কর খেতে থাকে। এমতাবস্থায় দ্রুত লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে হুঁশিয়ারি জানাতেই ফের ভারতে ফিরে আসে বিমানটি।
পাকিস্তানের ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান
গতকাল রাত ৯ টা ১৮ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ে। সেটি অমৃতসরের শ্রীগুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। তবে ভুলবশত সেটি পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ে। এমনকি মিনিট দুয়েক পাকিস্তানের আকাশে ছিল বিমানটি। বুঝতে পেরেই তড়িঘড়ি লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বিমানের পাইলটকে সতর্ক করা হয়। তৎক্ষণাৎ বিমানের মুখ ঘুরিয়ে ভারতে ফিরিয়ে আনেন পাইলট। তবে সেটি আর অমৃতসরে অবতরণ করে না। বরং পুনরায় দিল্লিতে ফিরে আসে। পরে আবার জ্বালানি ভরে শেষ পর্যন্ত বুধবার রাত ২টো ১০ মিনিটে অমৃতসরে অবতরণ করেছে বিমানটি।
কিন্তু কীভাবে আঁটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঢুকে পড়ল বিমানটি সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। কিন্তু জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের আকাশে যানজটের কারণেই বিমানটিকে হোল্ডিং প্যাটার্নে থাকতে বলা হয়েছিল। ভুলবসতই হয়তো পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ে বিমানটি। এমনকি সতর্কবার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তা ফিরে আসে। তবে ওই সময় বিমানটিতে কতজন যাত্রী ছিল তাও এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: স্কটল্যান্ডকে গুঁড়িয়ে নকআউটে নেইমাররা, বিশ্বকাপে ব্রাজিলের এই রেকর্ড নেই কারও
তবে গোটা ঘটনা ডিজিসিএ-কে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। এমনটাই খবর এএনআই সূত্রে। এমনকি এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও এর আগেও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বিমান ভারতের আকাশে ঢুকে পড়েছিল। তড়িঘড়ি তৎপরতায় আবারও তা ফিরে যায়। আর এবার ভারতের ক্ষেত্রেই তা হল।










