বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতা থেকে শুরু করে নির্বাসিত ক্রিকেটারদের পুরস্কৃত করার বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB Controversy) সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বৃহস্পতিবার সন্ধ্যায়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খুব পরিষ্কারভাবে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা মেনেই সব হয়েছে। CAB কোনও ধরনের দুর্নীতিতে যুক্ত নেই। এরপরই দাদাকে বলতে শোনা যায়, তাঁর ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না। সেটা CAB-র উপর নির্ভর করে না।
বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির
2023 ও 2026 ক্রিকেট বিশ্বকাপে টিকিট বন্টন নিয়ে দুর্নীতি হয়েছে বলেই উঠেছিল অভিযোগ। টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগের তীর ঘুরেছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার দিকে। তা নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “যেটাই হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনেই হয়েছে। বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে সেভাবেই চলেছে CAB। কোনও ধরনের দুর্নীতিতে CAB যুক্ত নেই। সমস্ত কাজ স্বচ্ছতার সাথে হয়েছে।”
নতুন করে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে। তার আগে চলতি মাসেই রয়েছে বার্ষিক সাধারণ সভা। সেজন্যই কি সৌরভের সম্মান নষ্ট করতে প্রচার চালানো হচ্ছে? এতে কি চাপে রয়েছেন দাদা? ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক খুব পরিষ্কারভাবে জানেন, “আমার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না। আমার ভাবমূর্তি CAB দিয়ে চলে না। আমরা প্রত্যেকেই এখানে ভলেন্টিয়ারি সর্ভিস করছি। আমার ভাবমূর্তি CAB দিয়ে কিছু হবে না।”
আরও পড়ুন: “আমার কেরিয়ার বৈভব সূর্যবংশীর গোটা জীবনের থেকেও বেশি দীর্ঘ” হুঙ্কার মহম্মদ শামির
উল্লেখ্য, বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগে দুই ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছে। সেই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে ওই দুই প্লেয়ারকেই পুরস্কৃত করেছিল CAB। তা নিয়েই মুখ খোলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। তিনি এই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন। একই সাথে জানান, সভাপতি হিসেবে সৌরভকে এর জবাবদিহি করতে হবে। গতকাল সে প্রসঙ্গে দাদা বলেন, গত মরসুমে এই দুই ক্রিকেটারকে পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছিল। কিন্তু এদের বয়সের গড়মিলের বিষয়টি প্রথম নিশ্চিত কিন্তু করেছিল CAB-ই।










