সৌভিক মুখার্জী, কলকাতা: পরপর দু’দিন আক্রান্ত বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় হামলার শিকার হয়েছিলেন তিনি। তার ২৪ ঘণ্টা কাটার আগেই নিজের বিধানসভা বেলেঘাটাতেই আক্রান্ত বিধায়ক। এমনকি গতকাল কোনও মতে প্রাণে বেঁচেছেন তিনি। এই জোড়া হামলার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানালেও তা খারিজ করে দিল রাজ্যের উচ্চ আদালত।
জোড়া হামলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ
শনিবার শ্রীরামপুরে মমতার কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কুণাল ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট, ডিম, পাথর ইত্যাদি ছোড়া হয় বলে অভিযোগ। উত্তরপাড়ার কাছে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক। অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি কর্মীদের দিকেই। তবে তার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার ফের হামলার শিকার হয়েছেন বেলেঘাটার নেতা। গতকাল নিজের বিধানসভায় এক কর্মসূচিতে যাওয়ার পথে বাইকে করে কয়েকজন তাঁর গাড়ি অনুসরণ করে ফুলবাগান এলাকায় হামলা চালায় বলেই অভিযোগ তোলেন তিনি।
কুণালের দাবি, গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে টেনে বার করে আনার চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র বার করে পরিস্থিতি সামাল দেন। নারকেলডাঙা থানায় তিনি জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা রিভলবার বার করে তাঁকে খুন করার চেষ্টা করেছিল। এমনকি বিধায়কের কলার চেপে ধরা হয়েছিল বলেও অভিযোগ। এই গোটা ঘটনায় বিজেপি এবং শিবির পরিবর্তনকারী তৃণমূলের দিকেই আঙুল তোলেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
আরও পড়ুন: ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির, দেখুন আজকের রেট
এদিকে গতকাল থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ গুরুত্ব দেয়নি বলেই দাবি করেন তিনি। সেই সূত্রে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর দাবি, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। কিন্তু পরপর দু’দিন তাঁকে আক্রমণ করা হয়েছে। এতে তাঁর প্রাণসংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিচারপতি দ্রুত শুনানির আবেদন খারিজ করে জানিয়ে দেন, স্বাভাবিক নিয়মেই মামলাটি শুনানির জন্য উঠবে।










