সৌভিক মুখার্জী, কলকাতা: উপনির্বাচনের আগে স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। পুরনো খুনের মামলায় গ্রেফতার হওয়ায় জেলবন্দি ছিলেন তিনি। তাঁর নির্বাচনে লড়া নিয়ে হাত শিবিরের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে হাইকোর্টে মিলল স্বস্তি। জেলের বাইরে থেকেই উপনির্বাচনে লড়তে পারবেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ২০ অক্টোবর পর্যন্ত সমস্ত মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানেই কংগ্রেসকে স্বস্তি দিয়েছেন বিচারপতি।
উপনির্বাচনের আগে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করার পর দিনই তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি মমতার তৃণমূল প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করতে তিনি কংগ্রেসকেই সমর্থন করবেন বলে জানান। কিন্তু তার পরপরই পুরনো এক খুনের মামলায় গ্রেফতার করা হয় মিলনকে। আদালতের নির্দেশে এতদিন জেল হেফাজতেই ছিলেন তিনি। বড় ব্যাপার, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে খুনসহ মোট ১১টি মামলা দায়ের হয়েছিল। যার মধ্যে ৬টি মামলা রাজ্য প্রত্যাহার করে নেয়।
এদিকে বাকি মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। সেখানে তাঁর আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি জানান, অন্তর্বর্তী জামিনের মাধ্যমেই তিনি ভোটে লড়াই করবেন। তবে এই জামিনের মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, তদন্তে তাঁকে নিয়মিত সহযোগিতা করতে হবে। এমনকি প্রতিদিন দু’বার করে পুলিশ নন্দীগ্রামের প্রার্থীকে ফোন করে তদন্ত করতে পারবে।
আরও পড়ুন: উপনির্বাচনের আগে বড় জয় হাসিরানি রথের, হাইকোর্টে খারিজ কংগ্রেসের মামলা
তবে মেয়াদ শেষের পর অর্থাৎ ২১ অক্টোবর ফের আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে মিলন প্রধানকে। যদিও ৪ অক্টোবর পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন কংগ্রেস প্রার্থী। তাতে কোনওরকম বাধা দেওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীকে জামিন দেওয়ায় দলের অন্দরে দূর হয়েছে অনিশ্চয়তা। এমনকি মিলন প্রধানের মেয়ে অরুনিমা জানিয়েছেন, “সত্যের জয় হল।”










