মমতার ফাঁকা মিছিল, হিন্দু যুবকের মৃত্যুদণ্ড…! আজকের সেরা ১০ খবর (২৬ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার। মমতার ফাঁকা মিছিল, হিন্দু যুবকের মৃত্যুদণ্ড, ম্যারাথনে পদক আনলেন সেনা জওয়ান….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শ্রীরামপুরে বিজেপিকে চরম কটাক্ষ মমতা

শ্রীরামপুরের সভা থেকে এবার জ্ঞানেশ কুমার ও বিজেপিকে চরম কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক হারানোর পর এই প্রথম জেলায় জনসভা মমতার। সেখানে দাঁড়িয়ে আজ মমতা বলেন, “ভ্যানিশ কুমারকে যেমন ভ্যানিশ করেছি, তেমন অন্যায়কারীদেরও করব। বিজেপির অত্যাচার জীবন্ত যমালয়কেও ছাড়িয়ে গিয়েছে। আজকে যমরাজও মনে হয় মৃত্যুর পর নরকে গেলে এত অত্যাচার করে না। তিন মাসে কোনও ইন্ডাস্ট্রি তৈরি হয় না। এগুলো সব আমার করা। আপনারা বাংলা দখল করেছেন। আমি দিল্লি দখল করব।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অভিষেকের শান্তিনিকেতনের সামনে থেকে সরল পুলিশ কিয়স্ক

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় ফের কাটছাঁট। হরিশ মুখার্জী রোডে শান্তিনিকেতনের বাড়ির সামনে থেকে প্রথমেই পুলিশি নিরাপত্তা সরিয়ে ফেলেছিল প্রশাসন। তবে এবার সেখান থেকে সরিয়ে দেওয়া হল পুলিশ কিয়স্ক। তাঁর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের জন্য তৈরি করা হয়েছিল কিয়স্ক। কিন্তু কী কারণে তা সরিয়ে দেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও গত মে মাসে হরিশ মুখার্জী রোডের বাড়িসহ অভিষেকের একাধিক ঠিকানার বাইরে মোতায়েন থাকা অতিরিক্ত পুলিশ, স্ক্যানার সরিয়ে দিয়েছিল প্রশাসন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) জামুড়িয়ায় ECL-র খনিতে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী

ফের আতঙ্ক ছড়াল আসানসোলের জামুড়িয়ায়। ECL-এর নিউ কেন্দা OCP-র খনি থেকে ধোঁয়া বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ওই খনি থেকে গলগল করে বেরিয়ে আসছিল ধোঁয়া। এমনকি ধোঁয়ার পরিমাণ এতটাই ছিল যে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। আশঙ্কা করা হচ্ছে, ভারী বৃষ্টির পর ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের এই খোলামুখ খনির বিস্তীর্ণ এলাকাজুড়ে কালো এবং সাদা ধোঁয়া সৃষ্টি করছে। এমনকি তার মধ্যে বিষাক্ত গ্যাস মিশ্রিত রয়েছে, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলেই সমস্যা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মমতার সভায় যাওয়ার পথে আক্রান্ত কুণাল ঘোষ

মমতার সভায় যাওয়ার পথে আক্রান্ত কুণাল ঘোষ। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কয়েকজন। এমনকি তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ উঠছে। এছাড়া ডিম থেরাপি করা হয়েছে বেলেঘাটার বিধায়ককে। ঘটনায় আহত হয়েছেন কুণাল ঘোষ। এমনকি তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলেও খবর। তবে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির উপরেই সুর চড়িয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) রাম গোবিন্দ চৌধুরীর মৃত্যু

৭৪ বছরে প্রয়াত হলেন রাজ্যের আটবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা তথা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রাম গোবিন্দ চৌধুরী শুক্রবার লখনৌয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অখিলেশ যাদবের পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, “উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন মন্ত্রী রাম গোবিন্দ চৌধুরীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ২ অক্টোবর থেকেই রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির

রাজ্যজুড়ে পুনরায় বসছে জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ এই শিবির বসবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য প্রকল্পে আবেদন করা যাবে। তবে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে, পুজোর আগেই আগামী ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শিবিরের আয়োজন করা হবে। এমনকি আপনার এলাকায় কবে, কোথায় শিবির বসবে তা সরাসরি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মিলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ম্যারাথনে পদক আনলেন সেনা জওয়ান

দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ম্যারাথনে ভারতের জন্য রুপো জিতে নিয়ে এলেন সাওয়ান বারওয়াল। ৪৪ বছর পর তাঁর হাত ধরে এশিয়ান গেমসে কোনও পুরুষের হাত ধরে প্রথম পদক এল দেশের ঘরে। এর আগে শেষবারের মতো এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে ম্যারাথনে ভারত পদক জিতেছিল ১৯৮২ সালে। তারপর থেকেই চলতি এশিয়ান গেমসের আগে পর্যন্ত কেউ ম্যারাথনে ভারতকে পদক এনে দিতে পারেননি। ২৮ বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড় ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথন দৌড় মাত্র ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে সম্পন্ন করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) দুর্গাপুজোয় পদ্মার ইলিশ পাঠাবে না বাংলাদেশ

অনেক আগেই ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। তবে এবার শোনা যাচ্ছে, চলতি বছর দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ বাঙালির পাতে নাও পড়তে পারে। গত বছর বাংলাদেশ সরকার উৎসবের মরসুমের আগে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে সম্প্রতি বাংলার মৎস্য আমদানিকারক সমিতি ও হাওড়া পাইকারি মাছ বাজারের সম্পাদক জানিয়েছেন, বাংলাদেশ হঠাৎ করে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে। ২৩ সেপ্টেম্বর একটি সার্কুলারের মাধ্যমে তাদের দেশের সব অনুমতিপত্র বাতিল করা হয়েছে। আর বাংলাদেশ এ বছর ইলিশ আমদানির অনুমতি দিচ্ছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ইসলাম ধর্মকে অপমান করায় সৌদিতে মৃত্যুদণ্ড হিন্দু যুবকের

সোশ্যাল মিডিয়ায় করা এক মন্তব্যের কারণে সৌদি আরবে মৃত্যুদণ্ড হল এক হিন্দু যুবকের। জানা গিয়েছে, তিনি শ্রীলঙ্কার বাসিন্দা হলেও কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। শ্রীলঙ্কার কালমুনাই এলাকায় বাস করতেন সিভারাসা অনোজান নামে ওই যুবক। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের ধর্মীয় সংবেদনশীল কিছু বিষয় নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরবর্তী সময়ে সৌদি আরবের প্রশাসন ওই মন্তব্যকে ইসলাম এবং মহানবীর জন্য অবমাননাকর ও অপমানজনক বলে উল্লেখ করে ওই যুবকের বিরুদ্ধে মামলা করে। এরপর তাঁকে আদালতে তোলা হলে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) আরামবাগে রাতের অন্ধকারে গাড়ির চাকা চুরি

রাতের অন্ধকারে গাড়ির চাকা খুলে নিয়ে পালাল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আরামবাগের পান্ডুগ্রামে। গাড়ির মালিক জানিয়েছেন, রাতের অন্ধকারে গাড়ির চারটি চাকা পরপর খুলে নিয়ে চম্পট দিয়েছেন ওই দুষ্কৃতী। এমনকি গাড়ির ডিস্ক ব্রেক খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সবচেয়ে বড় ব্যাপার, চুরির পর চাকাবিহীন গাড়িটি যাতে মাটিতে পড়ে না যায়, তার জন্য চাকাগুলির জায়গায় ইট দিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button