বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঠে একেবারে ঝড় তুলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস এবং শেরফান রাদারফোর্ড। সেই সূত্র ধরেই, বুধবার MI কেপটাউনকে 85 রানের বড় ব্যবধানে হারিয়েছে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দল প্রিটোরিয়া ক্যাপিটালস। মহারাজের কোচিংয়ে এটাই দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়ার প্রথম জয়। এক কথায় বলা যায়, 2025 এর শেষ এবং 2026 এর শুরুর আগেই জয় দিয়ে কোচিং কেরিয়ারে বড় দৃষ্টান্ত রাখলেন গাঙ্গুলি।
দুই তারকার ঝোড়ো ইনিংসেই জিতল প্রিটোরিয়া
বুধবার, প্রথমে ব্যাট করতে নেমে শুরুর দিকে কিছুটা ধাক্কা খেয়েছিল প্রিটোরিয়া। তবে পরবর্তীতে কয়েকটা উইকেট হারালেও চালিয়ে খেলেন ব্রেভিস এবং রাদারফোর্ড। এদিন এই দুই ক্রিকেটারের ঝোড়ো ইনিংসের হাত ধরে 200 রানের গণ্ডি টপকে যায় সৌরভ গাঙ্গুলির দল প্রিটোরিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হাতে রেখে প্রতিপক্ষ MI কেপ টাউনকে 221 রানের বড় লক্ষ্য দেয় প্রিটোরিয়া। বলাই বাহুল্য এ দিন ব্যাট হাতে 13 বলে 36 রান করেছিলেন ব্রেভিস। অন্যদিকে রাদারফোর্ডের ব্যাট থেকে 15 বলে ছয় ছক্কায় 47 রানের ইনিংস উপহার পেয়েছিল প্রিটোরিয়া।
অবশ্যই পড়ুন: সুকন্যা থেকে NSC, সহ প্রভিডেন্ট ফান্ড, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদের হার?
পরবর্তীতে রান তাড়া করতে গিয়ে একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 14.2 ওভারেই 135 রানেই 10 উইকেট হারায় MI। সবমিলিয়ে, দুই বিদেশি ব্যাটসম্যানের দাপুটে ইনিংস এবং বোলারদের আক্রমনাত্মক বোলিং নিয়েই বছরের শেষ দিনে কোচ হিসেবে প্রিটোরিয়াকে প্রথম জয় উপহার দিলেন দাদা সৌরভ গাঙ্গুলি।
অবশ্যই পড়ুন: অনভিজ্ঞ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া! সুবিধা হবে ভারতের?
কোচিং কেরিয়ারে শুরুর দিকে সৌরভের হাত ধরে প্রিটোরিয়া পরাজয় দেখলেও শেষ পর্যন্ত বছরের একেবারে শেষ প্রান্তে এসে জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের জনপ্রিয় দলটি। তাতে মহারাজ সৌরভের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। আপাতত লক্ষ্য, আগামীতেও এই জয়ের ধারা অব্যাহত রাখা।











