আজকের ১ কোটি টাকা ২০ বছর পর কত দাঁড়াবে? দেখুন মুদ্রাস্ফীতির হিসাব

Published:

One Crore Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই হয়তো ভাবেন যে, অবসর জীবনের জন্য ১ কোটি টাকা (One Crore Rupee) বিরাট সঞ্চয়। তবে আপনি কি জানেন, আজ থেকে ২০ বছর পর ১ কোটি টাকার মূল্য কত হবে? আসলে মুদ্রাস্ফীতির (Inflation) গাণিতিক হিসাব বলছে অন্য কথা। আজকের ১ কোটি টাকা ২০৪৬ সালে হয়তো বর্তমানের ২০ বা ২৫ লক্ষ টাকার সমান হয়ে দাঁড়াবে। যার ফলে শুধুমাত্র টাকা জমালে হবে না, বরং মুদ্রাস্ফীতিকে হার মানিয়ে কীভাবে সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা যায় তার পরিকল্পনাও করতে হবে।

আজকের ১ কোটি ২০ বছর পর কত?

আমরা ধরলাম প্রতি বছর গড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে ৬ শতাংশ। আর এই হারে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, তাহলে আজকের যে জীবনযাত্রার জন্য মাসে ৫০ হাজার টাকা প্রয়োজন, আজ থেকে ২০ বছর পর সেই স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আনুমানিক ১.৬ লক্ষ টাকা খরচ করতে হবে। অর্থাৎ, আজকের ১ কোটি টাকার ভাণ্ডার ২০ বছর পর খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তাই অবসর তহবিল গড়ার সময় অবশ্যই বর্তমানে খরচের বদলে ভবিষ্যতের মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখা উচিত।

সুরক্ষিত ফান্ড গড়ে তোলার জন্য মানুন কিছু কৌশল

ভবিষ্যতের জন্য সুরক্ষিত ফান্ড গড়ে তোলার জন্য অবশ্যই কিছু ট্রিকস অবলম্বন করতে হয়। যেমন—

১) প্রথমত, বিনিয়োগের ক্ষেত্রে সবসময়ই সময়ের দিকে নজর রাখতে হয়। আপনি যত দ্রুত বিনিয়োগ শুরু করবেন, তত চক্রবৃদ্ধি সুদের সুবিধা বেশি পাবেন। ছোট অংকের টাকা দিয়ে শুরু করলেও দীর্ঘমেয়াদে তা বড় অঙ্গের ফান্ডে পরিণত হয়।

২) দ্বিতীয়ত, সমস্ত টাকা এক জায়গায় রাখবেন না। ঝুঁকি কমানোর জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড, পিপিএফ, এনপিএস-এর মতো বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এমনকি প্রভিডেন্ট ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। এতে একদিকে যেমন স্থিতিশীল হতে পারবেন, অন্যদিকে নিশ্চিত রিটার্নের সুবিধা পাওয়া যাবে।

৩) তৃতীয়ত, মুদ্রাস্ফীতি এড়ানোর সবথেকে বড় উপায় হল ইকুইটি বা শেয়ারবাজারে বিনিয়োগ। যদিও এতে কিছুটা ঝুঁকি থাকে। তবে ১০ থেকে ১৫ বছরের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। আর ঐতিহাসিকভাবে দেখা যায় যে, মুদ্রাস্ফীতির তুলনায় শেয়ারবাজার অনেক বেশি রিটার্ন দেয়।

আরও পড়ুন: টিকিট না কাটায় ফাইন, ১০০ কোটিরও বেশি আয় করল পূর্ব রেল

৪) চতুর্থত, নিয়মিত মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এর ফলে বাজারের ওঠানামা আপনার তহবিলের উপর কোনও রকম প্রভাব ফেলবে না। এছাড়াও আয় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর বিনিয়োগের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন।

আর সাধারণ আর্থিক নিয়ম অনুযায়ী, আপনার বর্তমান বার্ষিক খরচের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ যদি সঞ্চয় করতে পারেন তাহলে কেল্লাফতে। কিন্তু এই হিসাব করার সময় অবশ্যই মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখবেন। তাহলে ভবিষ্যতের জন্য কোনওরকম সমস্যা হবে না।