হোটেলের ভাড়া না মেটানোয় বিশ্বকাপের মাঝে বাসন ধুতে হল পাক প্লেয়ারদের!

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় FIH প্রো লিগের দ্বিতীয় লেগে খেলতে যাওয়া পাকিস্তানের হকি দলকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, পাকিস্তানের হকি ফেডারেশন ও টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার যে হোটেলে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে নাকি অ্যাডভান্স বুকিংয়ের টাকায় দেওয়া হয়নি। যার জেরে হোটেলের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পাক প্লেয়ারদের। এবার তাঁদের দিয়ে ধোয়ানো হলো বাসন (Pakistan Team Washed Utensils)! সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই দুঃখের কথাই ভাগ করে নিলেন পাকিস্তান হকি দলের অধিনায়ক।

হোটেলে বাসন ধুতে হয়েছিল পাক হকি প্লেয়ারদের

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ক্রীড়া সূচি শেষ করে লাহোর বিমানবন্দরে নামতেই পাকিস্তানি হকি (Hockey) প্লেয়ারদের ছেকে ধরেন সাংবাদিকরা। সেখানেই ক্যামেরার মুখোমুখি হয়ে পাকিস্তান হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাট স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় তিনি এবং গোটা পাকিস্তান হকি দলের হোটেল বুকিং না থাকার কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটাতে হয়েছিল তাঁদের। একই সাথে, হোটেলের ভাড়া না মেটানোর কারণে ম্যাচের আগে ওই হোটেলের কিচেনে থাকা বাসনপত্র ধুতে হতো তাঁদের।

শাকিলের কথায়, “আমাদের মাথার ঘাম পায়ে পড়ে গেছে। আমরা ফেডারেশনের এমন ব্যবস্থাপনা নিয়ে সত্যিই খেলতে যেতে পারি না। যখন প্লেয়ারদের ম্যাচের আগে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া উচিত সেখানে আমাদের খেলতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হতো। খাবারের প্লেট ধুতে হতো। এরপরেও আপনারা কীভাবে আমাদের কাছ থেকে ভালো ফল আশা করতে পারেন?”

পাকিস্তানের অধিনায়ক এক রাশ হতাশা নিয়ে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় হকি টুর্নামেন্ট চলাকালীন গোটা পাক দলকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ক্যানবেরায় ফ্লাইটের আগে সিডনিতে প্রায় 14 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তাদের। হোটেল বুকিং করতে গিয়ে দেখা গেছে ফেডারেশন অগ্রিম অর্থ দেয়নি। ফলে রাস্তায় বসে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এছাড়াও ম্যাচের আগে অন্যান্য সমস্যা তো রয়েছেই। পাক অধিনায়কের কথায়, “টুর্নামেন্ট খেলতে পাঠানোর আগে যাবতীয় ব্যবস্থাপনা ঠিক রাখা প্রয়োজন। এভাবে খেলা যায় না।”

অবশ্যই পড়ুন: টিকিট ছাড়াই উঠে পড়েন AC কোচে, ট্রেনেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা TTE-র

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় FIH প্রো লিগে অস্ট্রেলিয়া এবং জার্মানির মতো দলের সাথে লড়াইয়ে একপ্রকার ছিটকে গিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-3 ব্যবধানে হারের পর জার্মানির কাছেও পরাস্ত হয় তারা। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে চরম হেনস্থার পাশাপাশি প্রতিটি ম্যাচ হেরে একেবারে লজ্জায় নাক কাটা গিয়েছে পশ্চিমের দেশের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now