বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) আত্মীয়দের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। জানা যাচ্ছে, মুম্বইয়ের বাইকুল্লায় এক ব্যক্তিকে মারধোরের ঘটনায় ভারতীয় তারকা তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক এবং এক আত্মীয়কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যদিও সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আরেক আত্মীয় পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ।
ভারতীয় তারকার আত্মীয়দের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূলের সংসদ ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক সহ বাকি আত্মীয়দের বিরুদ্ধে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, গত শনিবার রাত নটা নাগাদ বাইকুল্লায় স্থানীয় বাসিন্দা ইউসুফ খান গাড়িতে করে তাঁর পরিবারকে নিয়ে ফিরছিলেন। সেই সময় জলমগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা একটি গর্তে পড়লে সেখানকার জল ছিটকে গিয়ে লাগে ইউসুফ পাঠানের আত্মীয় শোয়েব খানের গায়ে। আর তা নিয়েই হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ।
সূত্রের খবর, রাস্তার কাদামাখা জল ভারতীয় তারকার আত্মীয়র গায়ে লাগলে গাড়ি দাঁড় করিয়ে ওই ব্যক্তির কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা ইউসুফ খান। কিন্তু তাতে মন গলেনি তৃণমূল সাংসদের আত্মীয়র। বরং ক্ষমা চাওয়া সত্ত্বেও ওই ব্যক্তিকে গালিগালাজ করতে থাকেন তিনি। এরপরই শুরু হয় তর্কাতর্কি। শেষ পর্যন্ত তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ইউসুফ পাঠানের আত্মীয় শোয়েব খান বাঁশ নিয়ে স্থানীয় ওই ব্যক্তির গাড়ির কাঁচ ভেঙে দেন। শুধু তাই নয়, ইউসুফ খানকে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূল সংসদের আত্মীয়র বিরুদ্ধে।
জানা যায়, ওই মারধরের ঘটনার পর পরবর্তীতে বাড়িতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ইউসুফ খান। সেই মতোই থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে নাকি ইউসুফ পাঠানের শ্বশুর খালেদ খান সহ তাঁর ছেলে, শোয়েব খান ও আরেক অভিযুক্ত শাহবাজ পাঠানকে নিয়ে ভুক্তভোগী ব্যক্তি ও তাঁর পরিবারের উপর চড়াও হয়। পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক, আত্মীয় শোয়েব খান এবং শাহবাজ পাঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই ভারতীয় তারকার শ্বশুর, শ্যালক এবং শোয়েব খানকে গ্রেফতার করা হয়েছে। তবে যাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সেই শাহবাজ পাঠান আপাতত পলাতক।
অবশ্যই পড়ুন: সল্টলেকের আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন, সরানো হচ্ছে রোগীদের
প্রসঙ্গত, ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক ও আত্মীয়দের বিরুদ্ধে হামলা ও গুরুতর শারীরিক আঘাত এমনকি খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে তৃণমূল সাংসদদের শশুর সহ তিন আত্মীয়কে আদালতে তোলা হলে বিচারপতিরা তাঁদের 2 মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।










