প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তেই বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে আগামীকাল (Weather Tomorrow)! নেপথ্যে ফের মাথা চাড়া দিচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল। জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
সম্প্রতি হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি সঞ্চয় করেছে, তাই এই বৃষ্টি। তবে এর প্রভাবে রাজ্যে বড় ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটাবে এমন সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। বাদ যাবে না উত্তরবঙ্গ। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার তারতম্যে সকালের দিকে স্থানীয়ভাবে কুয়াশার সম্ভাবনা। দুপুরের পর থেকে আকাশ ক্রমশ মেঘলা হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে এর প্রভাবে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: এই মুসলিমদের OBC-তে অন্তর্ভুক্ত করার দাবি খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও একই হাল। দুপুরের পর থেকে আকাশ ক্রমশ মেঘলা হওয়ার সম্ভাবনা। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। আগামীকাল, মঙ্গলবার, বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। আশা করা যাচ্ছে দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।












