৮ বছরেও বাড়েনি বেতন, রাজ্য সরকারকে চাপে ফেলতে বড় কিছু করতে চলেছেন শিক্ষকরা!

Published:

West Bengal Contractual Teachers
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। যা নিয়ে সমানে মামলা মোকদ্দমা চলছে আদালতে। অন্যদিকে শিক্ষক সমাজের মধ্যেও দেখা দিচ্ছে হাজারও বৈষম্য। শুরু থেকেই অভিযোগ উঠে আসছে যে পার্শ্ব শিক্ষক (West Bengal Contractual Teachers) হওয়ার কারণে তাঁরা অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পাচ্ছেন। এদিকে স্কুলে একজন স্থায়ী শিক্ষকের মত কাজ করে চলেছেন তাঁরা। আর এই অভিযোগের ভিত্তিতেই চুক্তিভিত্তিক শিক্ষকদের মনে ক্রমেই বাড়ছে অভিমানের পাহাড়।

পূর্ণ সময় কাজ করেও বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা

উল্লেখ্য, ২০০২ সাল থেকে রাজ্যের সরকার পোষিত স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আর তখন থেকেই নামমাত্র বেতন দেওয়া হয় থেকে তাঁদের। শেষবার বেতন বৃদ্ধি পেয়েছিল ২০১৮ সালে। তখন পার্শ্ব শিক্ষকদের ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল। হিসাব বলছে, যে কোনও সরকারি কার্যালয়ে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন গ্রুপ-সি কর্মী বেতন পান ৩৯,০০০ বেতন কাঠামোয়। সেখানে গ্রুপ-ডি কর্মীরা পাচ্ছেন ৩৭,০০০। অথচ, পূর্ণ সময় কাজ করে পার্শ্ব শিক্ষকেরা পান মাত্র ১৫,২০০ টাকা। তার উপর আবার কর বাবদ ১৩০ টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘ ৮ বছর ধরে এই বেতনই পাচ্ছেন কর্মীরা। যা নিয়ে তাই বাড়ছে ক্ষোভ।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের

বর্তমানে সারা রাজ্যে প্রায় ৭০০ শিক্ষক কাজ করেন চুক্তির ভিত্তিতে। এদিকে বেড়েই চলেছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সেখানে মাত্র ১৫ হাজার টাকার বেতনে সংসার চালাতে গিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বলেন, “সম-কাজে সম-বেতন, এই তত্ত্ব আমাদের ক্ষেত্রে কার্যকরী নয়। অন্য শিক্ষকদের মতোই কাজ করতে হয়, অথচ, তাঁদের বেতনের সিকি ভাগও পাই না আমরা। সংসার চালাতে পারি না। এ ভাবে চললে আমরা বাঁচব না। গোটা পরিবার নিয়ে আমরা যাব কোথায়?” তাই এবার বেতন বৃদ্ধির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন চুক্তিভিত্তিক শিক্ষকেরা।

আরও পড়ুন: লক্ষ টাকার ঋণখেলাপি মামলায় আরও ফ্যাসাদে সোহম চক্রবর্তী

পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি তুলে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতি সম্প্রতি শিক্ষা দফতরে চিঠি পাঠিয়েছেন। যদিও এর আগে বহু চিঠি পাঠানো হয়েছিল কিন্তু কোনো উত্তর এখনও আসেনি, তাঁদের দাবি এবারেও যদি কোনো উত্তর না আসে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানাবে। গত সোমবার, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের প্রায় ২০০ সদস্য বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য শিক্ষা বিভাগের সদর দপ্তরের বাইরে অর্থাৎ বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল। এদিনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হতে দেখা গিয়েছিল। পরে অবশ্য রাস্তায় বসেই বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।