SIR নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা, এবার কী দাবি?

Published:

SIR in Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাজুড়ে শেষ হয়েছে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR in Bengal)। আগামীকাল অর্থাৎ ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে এসআইআর মামলা নিয়েই আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশন নাকি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, এমনকি জুডিশিয়াল অফিসারদের নির্দেশ দিচ্ছে। এই বিষয়েই বাংলা তরফ থেকে আইনজীবী কবিল সিব্বল এদিন সওয়াল করলেন। আদালত কী জানাল?

ফের সুপ্রিম কোর্টের দারস্থ মুখ্যমন্ত্রী

এদিন মমতা ব্যানার্জীর আইনজীবী কপিল সিব্বল বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি ওই নির্দেশিকা নির্বাচন কমিশনের জন্যই। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন নির্দেশ অমান্য করছে আর জুডিশিয়াল অফিসারদের নির্দেশও দিচ্ছে। এমনকি অফিসারদের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেই একগুচ্ছ অভিযোগ আনা হয় এদিন বাংলার তরফ থেকে। হাইকোর্টকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কমিশন, এমনটাই দাবি করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করবে না কেন সেই প্রশ্ন আদালতে রাখা হয়।

আরও পড়ুন: SIR আতঙ্কে মৃত্যু, ৬১ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা নবান্নর

আইনজীবীর দাবি, কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে না সেই নির্দেশও এখন নির্বাচন কমিশন দিচ্ছে। আর এসডিও-তে ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। যদিও এই আবেদনের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট বলেছে, প্রতিদিন এভাবে আদালতে আসলে আমাদের পক্ষে সামলানো মুশকিল। আদালতের বক্তব্য, আস্থা এবং ভরসা রাখতে হবে। নির্বাচন কমিশন অফিসারদের প্রশিক্ষণ না দিলে কারা দেবে? সেই প্রশ্নই করেছে এদিন আদালত। এমনকি জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করতেও নিষেধ করা হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেন, আমাদের নির্দেশ খুবই স্পষ্ট। বিচারকরা জানেন যে তাদেরকে ঠিক কী করতে হবে।