৭৭ টি বুথে পুনর্নির্বাচনের দাবি! EVM বিতর্কে আজই হবে কমিশনের জরুরি বৈঠক

Published:

Repolling Appeal

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, অর্থাৎ বুধবার মোট ১৪২ টি আসনে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা (West Bengal Election 2026)। মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলেও বেশ কয়েকটি জায়গায় EVM কারচুপির অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, চারটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটের পর ৭৭টি বুথে পুনর্নির্বাচনের (Repolling Appeal) জন্য আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই জেলার পুলিশ পর্যবেক্ষক ছিলেন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ অজয় পাল শর্মা। এই নিয়ে আজই বৈঠকে বসতে চলেছে কমিশন (Election Commission Of India)।

৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে যে ৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তার মধ্যে ফলতা থেকে বেশিরভাগ অভিযোগ উঠে এসেছে। সেখানকার ৩২টি বুথে পুননির্বাচনের দাবি উঠে এসেছে। এছাড়াও ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথে পুননির্বাচনের দাবি করা হয়েছে। এর মধ্যে ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। এবং মগরাহাট পূর্ব দক্ষিণ ২৪ পরগনারই জয়নগর লোকসভার অন্তর্গত। অভিযোগ এখানে নাকি কোথাও EVM মেশিনে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে কোথাও আবার ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ উঠে এসেছে।

জরুরি বৈঠকে বসতে চলেছে কমিশন

বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় পুনর্নির্বাচনের দাবি ওঠার পরেই রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে। যদিও সিইও-র দফতরের তরফে সরকারি ভাবে কিছূ জানানো হয়নি। তবে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। মূলত ঠিক কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে তা নিয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সবুজ সংকেত মেলে তাহলে আগামী ১ মে বেশ কয়েকটি বুথের জন্য পুনর্নির্বাচনের নির্দেশ কমিশন জারি করতে পারে। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায় যে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের অভিযোগ উঠে এসেছে তার অধিকাংশ অনুরোধই নাকি এসেছে বিজেপির তরফে।

আরও পড়ুন: প্রকাশিত হল ICSE ও ISC-র ২০২৬ এর ফলাফল, অনলাইনে চেক করে নিন স্টেপ বাই স্টেপ

প্রসঙ্গত, গত সোমবার থেকেই আলোচনায় উঠে আসছে ফলতা বিধানসভা। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ করেছিল। এমনকি এই বিতর্ক নিয়ে আইনি মামলাও হয়েছে। আর এখন দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা থেকে পুনর্নির্বাচনের অভিযোগ উঠে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে। এদিকে গত ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভার কোনো বুথে একটিতেও পুনর্নির্বাচন হয়নি।