প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে। চেকমেট করতে রীতিমত উঠে পড়ে লেগেছে শাসকদল, অন্যদিকে নতুন সরকার গড়ে তুলতে মরিয়া বিজেপি। তাইতো ভোট প্রচারে আজ ফের বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পূর্ব বর্ধমানের কালনার (Kalna) সিমলনে জনসভা করছেন তিনি। ১৫ প্রার্থীর সমর্থনে জনসভা করছেন তিনি। সেখানেও এবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী। তাঁর মুখে শোনা গেল নির্বাচনে খেলার কথা।
জনসমুদ্র দেখে আপ্লুত প্রধানমন্ত্রী
রিপোর্ট মোতাবেক, পূর্বপরিকল্পনা অনুসারে, আজ, শনিবার কালনায় সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সভা থেকে তৃণমূলকে একহাত নিলেন তিনি। বললেন, “চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে। কিন্তু এটা আর চলবে না। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আর পারবে না। আমি এসেছি আপনাদের ভরসা দিতে।” সভায় জনসমুদ্র দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। তিনি জয়ের মেজাজ নিয়েই বলেন, “আপনাদের ভালবাসায় আমি আপ্লুত। প্রত্যেকবারই আপনারা ভিড়ের রেকর্ড ভেঙে দিচ্ছেন। তবে এটা শুধু একটা ট্রেলার। তৃণমূলের ১৫ বছরের নির্মম শাসনের হিসেব হবে।”
বিজেপির ৬ গ্যারান্টি নিয়ে কী বললেন মোদী?
কালনায় সভা চলাকালীন ভোটের রাজনীতির যুদ্ধে নতুন স্লোগান শোনা গেল মোদীর মুখে। নরেন্দ্র মোদী বলেন, “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।” এছাড়াও এদিন আমজনতার সামনে তুলে ধরলেন বিজেপির ৬ গ্যারান্টি। তিনি বলেন, “ বিজেপি ক্ষমতায় এলে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ হবে। মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকবে ৩০০০ টাকা। শিল্প আসবে বাংলায়।” বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি তৃণমূলের জারি করা প্রকল্প বন্ধ করে দেবে। এই ব্যাপারে এদিন মোদী বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। একের পর এক মিথ্যা বলছে। বলছে আমরা ক্ষমতায় এলে নাকি সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। আসলে তা নয়। আসলে বিজেপি ওদের দুর্নীতির দোকান বন্ধ করবে।’’
আরও পড়ুন: দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের, কোন রুটে চলবে?
মোদির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
কালনায় যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় নিজের দলের প্রার্থীর সমর্থনে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জনসভা করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন, “ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। SIR ইজ এ বিগ স্ক্যাম। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে। আমাদের টার্গেট দিল্লি। আমরা বললে করি। ওরা করে না। বুলডোজার চালায়।” এছাড়াও একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, “ওরা অত্যাচারী।”












