প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে রান্নার গ্যাস বা LPG-তে তৈরি হওয়া সংকট যে এখনও বহাল তা বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে। গ্যাসের জন্য বুকিং (LPG Booking) করা হলেও সঠিক সময়ে কিছুতে মিলছিল না। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে গ্যাস (LPG Cylinders) গ্রাহকদের জন্য স্বস্তির খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে এখন গ্রাহকদের সিলিন্ডারের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। কারণ সরবরাহ ব্যবস্থায় আনা হচ্ছে ব্যাপক উন্নতি।
গ্যাস সরবরাহ ব্যবস্থায় উন্নতি
বিগত কয়েকদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে যে দেশের বিভিন্ন রাজ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে দেরি হচ্ছে। যার দরুন গ্রাহকেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে ইরান-আমেরিকা যুদ্ধের জেরে তেলের জোগানে প্রভাব পড়ায় এই সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এই পরিস্থিতিতে বড় সুখবর শোনালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। তিনি জানান, গ্যাস ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে এবং বুকিং পরিসংখ্যানও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরছেও। পাশাপাশি, ডেলিভারির সময় যাচাই প্রক্রিয়া বাড়ানোয় অবৈধ সরবরাহও অনেকটাই কমেছে।
কী বলছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক?
সম্প্রতি একটি প্রেস মিটিং-এ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, “বর্তমানে প্রতিদিন বুকিংয়ের সংখ্যা ৪৬-৫০ লাখের মধ্যে রয়েছে। ১৬ এপ্রিল একদিনেই প্রায় ৫০ লাখ রিফিল সিলিন্ডার গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পরিবেশকদের কেন্দ্রগুলিতে কোনও ঘাটতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশ অনলাইন বুকিংয়ের মাধ্যমে পূরণ হয়েছে এবং অবৈধ সরবরাহ বন্ধ করতে প্রমাণীকরণের মাধ্যমে ডেলিভারি ৯০ শতাংশের বেশি বেড়েছে।” অর্থাৎ এখন গ্যাস বুকিং করলে গ্রাহকদের আর আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, বরং তুলনামূলক কম সময়েই সিলিন্ডার পৌঁছে যাচ্ছে বাড়িতে।
আরও পড়ুন: বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার খেতাব পেলেন নরেন্দ্র মোদী, ধারে কাছে নেই ট্রাম্প
পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও গ্যাস সরবরাহ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, “পরিযায়ী শ্রমিকদের জন্য ছোট সিলিন্ডারের বেশি বরাদ্দ এবং সরকারি তেল বিপণন সংস্থাগুলির বিতরণ অভিযান সম্প্রসারণের মতো টার্গেটেড পদক্ষেপের সমর্থনে বাণিজ্যিক এলপিজি সরবরাহ সংকট-পূর্ব স্তরের প্রায় ৭০ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে।” তাঁর আরও সংযোজন, “২৩ মার্চ থেকে এখনও পর্যন্ত ১৬.৪১ লাখের বেশি বাজার মূল্যের ৫ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার তাদের কাছে বিক্রি করা হয়েছে যাদের রান্নার গ্যাসের সংযোগ নেই।”
উল্লেখ্য, আগে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ২১ দিনের একটি ন্যূনতম ব্যবধান ছিল। তবে বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন পর নতুন সিলিন্ডার বুক করা যাবে। আসলে এই নিয়ম মূলত চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে চালু করা হয়েছিল। এখন দেখার গ্যাস ডেলিভারি আরও সহজ করতে কী কী পদক্ষেপ নেয় কেন্দ্র।










