১০০ টাকার বেশি ভারতীয় পণ্যে বসবে ট্যাক্স, বালেন শাহর সিদ্ধান্তে ফের তোলপাড় নেপাল

Published:

India–Nepal Relations

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-নেপাল সীমান্তের (India–Nepal Relations) দীর্ঘদিনের খোলা হাওয়া এখন যেন বিষিয়ে উঠছে নেপাল সরকারের নতুন নির্দেশিকায়। কাঠমান্ডুর মেয়র তথা নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বলেন শাহর (Balen Shah) কাস্টমস নীতিতে কড়াকড়ির বিরুদ্ধে এবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ নেপালের সীমান্ত এলাকাগুলি। ভারত থেকে মাত্র ১০০ নেপালি টাকার বেশি মূল্যের যে কোনও সামগ্রী কিনলেই তার উপর কর দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আর এই নিয়মের প্রতিবাদেই নেপালের বীরগঞ্জসহ একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

উত্তাল নেপাল সীমান্ত

আসলে নেপাল সরকার তাদের পুরনো কাস্টমস আইনকে কড়াভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী সীমান্তে পাহারায় নেমেছে। প্রতিবাদকারীদের ক্ষোভের কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—

  • প্রথমত, নেপালিদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসের সিংহভাগ ভারতীয় বাজার থেকে আসে। তবে এখন থেকে ১০০ নেপালি টাকার বেশি মূল্যের তেল, নুন, সার বা কাপড় আনলে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে।
  • দ্বিতীয়ত, আগে ভারতীয় নম্বর প্লেটের গাড়ি বা মোটরসাইকেল নিয়ে নেপালে ঢোকার ক্ষেত্রে কোনও রকম বাধা ছিল না। তবে এখন পূর্ব অনুমতি ছাড়া ভারতীয় বেসরকারি গাড়ির প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভারত-নেপাল খোলা সীমান্ত সংলাপ গোষ্ঠীর মতে, এই সিদ্ধান্ত নেপালের সাধারণ মানুষের উপরেই বোঝা চাপাচ্ছে। তাদের দাবি, নেপালের মানুষের জন্ম থেকে মৃত্যু প্রতিটা আচার অনুষ্ঠানের সামগ্রীর জন্যই তারা ভারতের উপর একেবারে অতপ্রতভাবে নির্ভরশীল। এমনকি অনেক সময় নেপাল সরকার সময় মতো সার দিতে পারে না। তখন ভারতীয় সারই কৃষকদের ভরসা হয়ে দাঁড়ায়। আর এই ট্যাক্স বসানোর ফলে নিম্নবিত্ত মানুষগুলি চরম বিপাকে পড়বে।

যদিও নেপালের কাস্টমস বিভাগের ডিরেক্টর কিশোর বরতৌলা এই সিদ্ধান্তের পক্ষ নিয়ে জানান, চোরাচালান বন্ধ করতেই এই পদক্ষেপ। তাঁর দাবি, চোরাকারবারিরা সাধারণ মানুষের মাধ্যমে অল্প অল্প করে পণ্য বানিয়ে পরে তা বড় আকারে জমা করে ব্যবসা করছে। কিন্তু সাধারণ মানুষের পাল্টা যুক্তি, ১০০ টাকার উপর কর বসিয়ে সরকারের কোষাগারে বিরাট টাকা ঢুকবে না। গরীব মানুষের জীবন এতে আরও অতিষ্ঠ হয়ে উঠবে।

আরও পড়ুন: গ্রাহকদের ধাক্কা! এই প্ল্যানের দাম অনেকটাই বাড়াল Airtel, বন্ধ সস্তার একটি রিচার্জ

ভারতের পাল্টা পদক্ষেপ

তবে নেপালের এই কড়াকড়ির পর ভারত সরকারও হাত গুটিয়ে বসে থাকেনি। ভারতের সীমান্তরক্ষা বাহিনী তথা বিএসএফ তল্লাশিতে কড়াকড়ি শুরু করেছে। ভারত-নেপালের মধ্যে যাতায়াতকারী প্রতিটি ব্যক্তির জন্যই এবার পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এখন থেকে সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করা ব্যক্তিদের তথ্য রেকর্ড করা হচ্ছে। আর ভারতীয় আধিকারিকরা নেপাল সীমান্ত থেকে আসা ব্যক্তিদের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে।