গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: খরতাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৈশাখের শুরুতেই এই ভয়ংকর গরমে রীতিমত অস্থির পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। গতকালই এই গরমের জেরে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চার জন। খুবই খারাপ অবস্থা, তার উপর পশ্চিমাঞ্চলগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় হাওয়া অফিসের তরফে পাওয়া গেল স্বস্তির খবর। আগামী কয়েকদিনের (Weather Tomorrow) মধ্যেই ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি।

বৈশাখের তপ্ত গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশির। দিনের বেলা কড়া রোদের মধ্যে কাজে বেড়ানো যেন আতঙ্কের বিষয় হয়ে উঠছে সকলের কাছে। আর এই ভয়ংকর পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ফলস্বরূপ আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকেই ভরপুর রোদ দেখা যাবে জেলায় জেলায়। বেলা বাড়তেই তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে। তার সঙ্গে আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা হবে সকলের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরম কমার খুব একটা সম্ভাবনা নেই।

আরও পড়ুন: সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হবে ভারতের রাজত্ব! ১.২ লক্ষ কোটির মেগা মিশন কেন্দ্রের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে সূর্যের কড়া দৃষ্টি থাকলেও উত্তরবঙ্গে সম্পূর্ণ উল্টো আবহাওয়া বিরাজ করছে। বিগত কয়েকদিন ধরেই সেখানে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই এখনই সেখানে গরমের কোনো সম্ভাবনা নেই।