গরুর গাড়িতে প্রচার, তৃণমূল প্রার্থী চড়তেই পালাল চারপেয়ে! আউশগ্রামের ভিডিও ভাইরাল

Published:

TMC Candidate Shyama Prasanna Lohar

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র তিনদিন, তারপরেই আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে চলেছে রাজ্য জুড়ে। তাই জোরকদমে চলছে প্রচার পর্ব। শাসকদলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা তপ্ত গরমের মাঝে যেমন দেদার প্রচার চালাচ্ছে অন্যদিকে বিরোধীরাও সরকার গঠনের জন্য লড়ে যাচ্ছে। এমতাবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোরুর গাড়িতে প্রচার করতে নামলেন আউশগ্রাম (Ausgram) বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (TMC Candidate Shyama Prasanna Lohar)। কিন্তু ঘটল আরেক ঘটনা।

গোরুর গাড়ি করে ভোটের প্রচার

রিপোর্ট মোতাবেক, গতকাল, শুক্রবার, অভিনব প্রচারে নেমেছিলেন আউশগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। দেশজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুকে জনগণের সামনে তুলে ধরতে গাড়ির বদলে প্রচারের মাধ্যম হিসেবে নিয়ে এসেছিলেন গোরুর গাড়ি। গেঁড়াই এলাকায় সম্পূর্ণ গ্রাম্য আবহে গোরুর গাড়িতে চড়ে প্রচার শুরু করেছিলেন তিনি। রঙিন কাপড়, ফুল, ব্যানার ও দলীয় প্রতীকে সজ্জিত এই গাড়িগুলি এলাকায় রীতিমত উৎসবের আবহ তৈরি করেছিল। যেখানে দলের নেতামন্ত্রীরা বড় বড় গাড়িতে চড়ে ভোটের প্রচার করছে সেখানে দাঁড়িয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু তাতেই ঘটল বিপত্তি। গোরুর গাড়িতে চড়তে গিয়ে পালিয়ে গেল গোরু।

পালাল গোরু

ভিডিওতে দেখা গিয়েছে গোরুর গাড়িতে যেই আউশগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার উঠেছিলেন তখনই গোরু মাথা চাড়া দিয়ে ওঠে এবং রেগে গিয়ে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। তাতেই লণ্ডভণ্ড হয়ে প্রচার যাত্রা। তড়িঘড়ি নেমে পড়েন বাকিরা। মহা শোরগোল শুরু হয় এলাকায়। এদিকে গোরুর গাড়িতে ভোটের প্রচার প্রসঙ্গে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন জানিয়েছেন, বর্তমানে গোরুর গাড়ির সংখ্যা অনেকটাই কমে গেছে। বহু খোঁজাখুঁজির পর কয়েকটি গাড়ি জোগাড় করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, আসলে এই গোরুর গাড়ি শুধু প্রচারের মাধ্যম নয়, এটি গ্রামীণ ঐতিহ্যেরও প্রতীক। তাই স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের ভয়েই সত্যি লুকিয়ে রাখেন নেতানিয়াহু?

উল্লেখ্য, প্রথম দফা নির্বাচনের পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর প্রভৃতি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন CEO মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও তাঁর সঙ্গে আছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে.মিশ্র। প্রথম দফার মত দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করাতে এই পরিদর্শন বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। আসলে এইসব জায়গায় অতীতে সন্ত্রাসের একাধিক ইতিহাস পাওয়া গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলি তাঁরা বেছে নিয়েছেন যাতে সুষ্ঠুভাবে সেখানে নির্বাচন করা যায়।