প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মিটেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আগামী ৪ মে প্রকাশ্যে আসবে ফলাফল। ইতিমধ্যেই ভোট শেষ হতে না হতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা। আর এবার তৈরি হল এক নয়া বিতর্ক। গণনাকেন্দ্রের নিয়ম ও অবস্থান নিয়ে সরাসরি আইনি লড়াই শুরু হল রাজ্য এবং কমিশনের (Election Commission Of India) মধ্যে। হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হয়েছে জোড়া মামলা, যা আজই শুনানির জন্য উঠছে বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে।
সুপারভাইজার নিয়ে মামলা কল্যাণের
২৬ এর বিধানসভা নির্বাচনের গণনা প্রসঙ্গে প্রথম মামলাটি দায়ের করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করলেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তবে তাঁর অভিযোগ গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে।
গণনাকেন্দ্রের স্থান বদল নিয়ে উঠছে প্রশ্ন
মামলাকারী আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানিয়েছেন বিধানসভা নির্বাচনে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার ভোটার সংখ্যা কম হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ‘সেন্ট্রালাইজেশন’ করা হয়েছে। কিন্তু, হঠাৎ করে এভাবে গণনাকেন্দ্রের স্থান বদল করা আইনত সঠিক নয়। অর্থাৎ নির্বাচনের আবহে গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের স্বচ্ছতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনই গণনাকেন্দ্র নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।
আরও পড়ুন: ৭৭ টি বুথে পুনর্নির্বাচনের দাবি! EVM বিতর্কে আজই হবে কমিশনের জরুরি বৈঠক
প্রসঙ্গত, নির্বাচনের শুরু থেকেই কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভোটপর্বের আগেও নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন পক্ষ। তখন কিছু নির্বাচনী আদেশে আদালত হস্তক্ষেপ করেছিল যার মধ্যে অন্যতম ছিল বাইক নিয়ে চলাচল। ভোটের আগে বাইক চলাচলে ৭২ ঘণ্টার বিধিনিষেধ কমিয়ে ১২ ঘণ্টা করার নির্দেশ দিয়েছিল আদালত। এখন দেখার ভোট গণনা নিয়ে দায়ের হওয়া জোড়া মামলায় বিচারপতি কী নির্দেশ দেন।










